https://www.prothomalony.com/

18020

north-america

উত্তর আমেরিকা

বিশ্বজুড়ে সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ ১৩:১৯

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন দূতাবাস ও কনস্যুলার কর্মকর্তাদের জন্য নতুন বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

মঙ্গলবার (২৫ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এ প্রশিক্ষণের কারণে ভিসাসেবা-সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে।

এরই মধ্যে যেসব ভিসাপ্রার্থীর সাক্ষাৎকারের সময় নির্ধারিত ছিল, তাদের অনেককে ই-মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণের কথা জানানো হয়েছে। নতুন তারিখ ও সময় পরে জানানো হবে বলে বলা হয়েছে।

প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য হলো এমন ভিসাপ্রার্থীদের শনাক্ত করা, যারা যুক্তরাষ্ট্রের সরকারি জনকল্যাণমূলক সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন বলে মনে করা হয়। পাশাপাশি সব ভিসাপ্রার্থীর আবেদন সামগ্রিকভাবে এবং একই ধরনের মানদণ্ডে মূল্যায়ন নিশ্চিত করাও প্রশিক্ষণের উদ্দেশ্য।

তবে অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে স্বাভাবিক হবে, সে বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর নির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি।

ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির মধ্যেই সর্বশেষ এ সিদ্ধান্ত এলো। ক্ষমতায় আসার পর থেকে অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদারের পাশাপাশি ভিসা ও গ্রিন কার্ডের ক্ষেত্রেও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন।

এর আগে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা আবেদন স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র। তবে গত শুক্রবার এক মার্কিন বিচারক ওই নীতি বাতিল করে দেন। আদালতের রায়ে বলা হয়, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনি ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

এদিকে মানবাধিকার সংগঠনগুলো ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপের সমালোচনা করেছে। তাদের অভিযোগ, এসব নীতির কারণে অভিবাসী ও জাতিগত সংখ্যালঘুদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়ছে।

নতুন করে বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত হওয়ায় যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী শিক্ষার্থী, অভিবাসী, পরিবারের সদস্য এবং অন্যান্য ভিসাপ্রার্থীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন