https://www.prothomalony.com/

17998

bangladesh

বাংলাদেশ

হবিগঞ্জে জালালাবাদ এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতিকে স্বপ্ন সোসাইটির সংবর্ধনা

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ ০৫:০০

নেতৃত্ব মানে কেবল হুকুম বা নির্দেশ দেওয়া নয়, বরং সবার পাশে দাঁড়িয়ে নিজ কাঁধে দায়িত্ব তুলে নেওয়াই আসল নেতৃত্ব বলে মন্তব্য করেছেন ঢাকাস্থ সিলেটবাসীর শীর্ষ সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে 'স্বপ্ন সোসাইটি' আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইএনটি বিভাগের সাবেক চেয়ারম্যান ও হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদারকে এ সংবর্ধনা দেওয়া হয়।

নিজের সংবর্ধনা জবাবে ডা. কামরুল হাসান তরফদার আরও বলেন, “ইতিমধ্যে জালালাবাদ হেলথ সেন্টার এবং আইটি সেক্টরের কাজ শুরু হয়েছে। আমরা সিলেটের দুর্গম পাহাড়ি এলাকা, চা-বাগান ও সীমান্ত অঞ্চলে দ্রুত স্বাস্থ্যসহ অন্যান্য সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সবাই মিলে একটি সম্প্রীতির ও জবাবদিহিমূলক সংগঠন পরিচালনা করাই আমাদের মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন। হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জমির আলী এবং প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট পুণ্যব্রত চৌধুরী বিভু।

সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘প্রতিদিনের বাণী’র সম্পাদক মো. শাবান মিয়া, হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিকুল বারী আউয়াল, কবি তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী ও চৌধুরী মো. ফরিয়াদ, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, সংগীতশিল্পী সৈয়দ আশিকুর রহমান এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

এছাড়াও আয়োজক সংগঠন স্বপ্ন সোসাইটির পক্ষে বক্তব্য তুলে ধরেন সংগঠনের সভাপতি ওলিউর রহমান, সাধারণ সম্পাদক আহরাজ উদ্দিন, সহ-সভাপতি রেজওয়ান আহমেদ, ফারহান আফছার, এইচ এম সৌরভ ও নাবিক হাসান প্রমুখ। বক্তারা নবনির্বাচিত সভাপতির নেতৃত্বে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সিলেটের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন