https://www.prothomalony.com/

17870

north-america

উত্তর আমেরিকা

অঙ্গন পার্টি হলে সীরাত কনভেনশন ১৬ আগষ্ট

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ ০২:৫৬

আমেরিকা মুসলিম সেন্টারের উদ্যোগে আগামী ১৬ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিত হবে ‘আন্তর্জাতিক সীরাত কনভেনশন-২০২৬’। জ্যামাইকার অঙ্গন পার্টি হলে বিকেল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত আয়োজিত এ কনভেনশনের এবারের প্রতিপাদ্য ‘মুহাম্মদ (সা.) : বিশ্বশান্তি ও সামাজিক ন্যায়বিচারের আদর্শ’।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান আলেম, ইসলামী গবেষক ও চিন্তাবিদরা কনভেনশনে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবকল্যাণ, নৈতিকতা, পরিবার, শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও বিশ্বশান্তি বিষয়ে আলোচনা করবেন। নতুন প্রজন্মের জন্যও থাকবে বিশেষ আয়োজন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত তরুণ স্কলাররা ইংরেজিতে বক্তব্য রাখবেন।

কনভেনশন উপলক্ষে বুধবার (৫ আগস্ট) জ্যামাইকার অঙ্গন পার্টি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ, মুফতি আব্দুল মালেক, মুফতি আব্দুল্লাহ আল আজহারী, মাওলানা আতাউর রহমান, মাওলানা মঞ্জুরুল করীম ও আবু তাহের বক্তব্য দেন।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য ও লিখিত বক্তব্যে কনভেনশনের উদ্দেশ্য ও কর্মসূচি তুলে ধরেন মুফতি আব্দুল মালেক।

সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে বক্তব্য দেন সাপ্তাহিক পরিচয়-এর সম্পাদক নাজমুল আহসান এবং সাপ্তাহিক বাংলাদেশ-এর সম্পাদক ডা. ওয়াজেদ এ খান।

আয়োজকরা জানান, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, ইসলাম সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করা, সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং বিভিন্ন জাতি, ভাষা ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বৃদ্ধি করাই এ কনভেনশনের মূল লক্ষ্য। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা তরুণদের নৈতিক, আধ্যাত্মিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আয়োজকরা আরও জানান, কনভেনশনে কোনো তহবিল সংগ্রহ (ফান্ড রেইজিং) করা হবে না। মহানবী (সা.)-এর প্রেমিকদের স্বেচ্ছা সহযোগিতায় এ আয়োজন বাস্তবায়িত হচ্ছে। কনভেনশন সফল করতে অঙ্গন পার্টি হলের কর্ণধার মোহাম্মদ হোসেন ইশতিয়াক বিশেষ ভূমিকা রাখছেন। সংবাদ সম্মেলনের শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মির্জা আবু জাফর বেগ।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন