https://www.prothomalony.com/

17836

new-york

নিউইয়র্ক

কমিউনিটির পরিচিত মুখ সুলতানা রাজিয়া খান (দুলারী) আর নেই

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ ০৫:১৩

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত মুখ, সমাজসেবী ও সংগঠক সুলতানা রাজিয়া খান (দুলারী) আর নেই। সোমবার (৩ আগস্ট ২০২৬) ভোর ৩টায় ম্যানহাটনের বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
সিলেট শহরের হাওয়াপাড়া ছিল তাঁর জন্মস্থান। দীর্ঘদিন ধরে তিনি পরিবারসহ নিউইয়র্কে বসবাস করছিলেন। তিনি ছিলেন সিলেট সদর অ্যাসোসিয়েশন অব নিউইয়র্কের সাবেক সভাপতি আব্দুল মালেক খান লায়েকের বড় বোন।

প্রয়াত সুলতানা রাজিয়া খান ছিলেন কমিউনিটির একজন নিবেদিতপ্রাণ সংগঠক। ২০১০-১১ মেয়াদে তিনি সিলেট সদর অ্যাসোসিয়েশন অব নিউইয়র্কের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন এবং দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর সহকর্মীরা তাঁকে একজন আন্তরিক, দায়িত্বশীল এবং সবার প্রতি স্নেহশীল মানুষ হিসেবে স্মরণ করেন।
 কুইন্সের উডহেভেন এলাকায় বসবাস করতেন। প্রতিবেশী ও কমিউনিটির মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত আপনজন। অনেকের কাছেই তিনি ছিলেন "দুলারী আপা"—যিনি স্নেহ, আন্তরিকতা ও সৌহার্দ্য দিয়ে সবার হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।

মৃত্যুকালে তিনি স্বামী, দুই কন্যা, এক পুত্র, আত্মীয়-স্বজন এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মরহুমার জানাজার নামাজ মঙ্গলবার জোহরের নামাজের পর কুইন্সের জামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। পরে একই দিন লং আইল্যান্ডের ওয়াশিংটন মুসলিম মেমোরিয়াল কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন