https://www.prothomalony.com/
17736
north-america
প্রকাশ: ২২ জুলাই ২০২৬ ০৩:০৯
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স যুক্তরাষ্ট্র আগামী ১ আগস্ট (শনিবার) সন্ধ্যা ৬টায় সানি পার্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’ শীর্ষক একটি স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সোমবার (২০ জুলাই) আহ্বায়ক কমিটির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেবেন বলে জানান এনসিপি ডায়াস্পোরা নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, আমেরিকায় জুলাই জাগরণ অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, প্রবাসীদের ভূমিকা নিয়ে বিশেষ উপস্থাপনা, ২০২৪ সালের গণঅভ্যুত্থানভিত্তিক আলোকচিত্র, প্রামাণ্য ভিডিও ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পাশাপাশি রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র ও নাগরিক অধিকার বিষয়ক আলোচনা এবং ঊনবাঙাল সাহিত্য সংগঠনের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।
পেট্রিয়ট বাংলাদেশ নামে একটি সংগঠনও জুলাই জাগরণ আয়োজন করছে। এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের সাথে সংগঠনটির কোন সংশ্লিষ্টতা আছে কিনা জানতে চাইলে নেতৃবৃন্দ জানান, সংগঠনটির সাথে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই। তবে জুলাই নিয়ে যারাই আয়োজন করুক না কেন, তাতে আমাদের সমর্থন থাকবে।
সংবাদ সম্মেলনে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের সদস্য সচিব ডাঃ মোঃ আবদুল মোহাইমিন সাইমন বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ছাত্র, তরুণ ও সাধারণ মানুষের আত্মত্যাগ, সাহস ও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নতুন মাত্রা পায়। এ আন্দোলনে দেশের মানুষের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও জনমত গঠন, প্রতিবাদ কর্মসূচি, কূটনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ-বিদেশে আন্দোলনের বাস্তব চিত্র তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উল্লেখ করে তিনি এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাংবাদিক সমাজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট লোকাল অরগানাইজার রাকিব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য লোকমান আহমেদ রিয়াদ, সদস্য নুমায়ের হোসেন দিহান, যুগ্ম অর্থসচিব নিজামুল শাহির, এক্সজিকিউটিভ মেম্বার রাহাত আলম, মূখ্য সংগঠক এম এইচ সিদ্দিক, যোগাযোগ ও মিডিয়া সম্পাদক হাসিবুল কবির, উপদেষ্টা রওশন হক, নিউইয়র্ক স্থানীয় সংগঠক মাহামুদুল কবির অনিক, কেন্দ্রীয় সদস্য রাসেল আলম, যুগ্ম অর্থ সম্পাদক জি এম নিলয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন