https://www.prothomalony.com/

17701

bangladesh

বাংলাদেশ

জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ ০৩:০২

অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুর। বৃহস্পতিবার (১৬ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত নিউ আরবান এজেন্ডার মধ্যমেয়াদি পর্যালোচনা বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।  

বৈঠকে পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন এবং সুষম আঞ্চলিক উন্নয়নকে জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ নগরায়ণকে কেবল শহর গড়ে তোলা হিসেবে দেখে না, বরং একে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু-সহনশীলতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে।  

আহাম্মদ সোহেল মনজুর উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের 'বাংলাদেশ ফার্স্ট' নীতির আওতায় বর্তমান সরকার সাশ্রয়ী আবাসনের সম্প্রসারণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালীকরণ এবং টেকসই নগর অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এসব দূরদর্শী উদ্যোগ নিউ আরবান এজেন্ডা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের পথকে আরও মসৃণ ও ত্বরান্বিত করতে কার্যকর ভূমিকা রাখবে।  

ভবিষ্যতমুখী নগর উন্নয়ন কৌশলের বিভিন্ন দিক তুলে ধরে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, সরকার বর্তমানে সমন্বিত স্থানিক পরিকল্পনা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, উদ্ভাবনী নগর অর্থায়ন, সুষম আঞ্চলিক উন্নয়ন এবং জলবায়ু-সহনশীল নগর অবকাঠামো গড়ে তোলার ওপর বিশেষ জোর দিচ্ছে।  

টেকসই নগরায়ণকে আরও বেগবান করতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার, উন্নত প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং নতুন ধরনের উদ্ভাবনী অর্থায়নের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী তার বক্তব্যের শেষে দৃঢ়তার সঙ্গে বলেন, টেকসই নগর উন্নয়নের মাধ্যমে আমাদের এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে হবে, যেখানে দেশের কোনো মানুষ এবং কোনো অঞ্চলই যেন মূল উন্নয়ন ধারা থেকে পিছিয়ে না থাকে।  

বাংলাদেশ থেকে আরো পড়ুন