https://www.prothomalony.com/

17640

north-america

উত্তর আমেরিকা

নেবট্রার দ্বিবার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটির পথ চলা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ ১৪:২৫

যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ডের বাংলাদেশী সাংবাদিকদের বৃহত্তম সংগঠন নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (নেবট্রা)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা ব্রিটেনের ওল্ডহ্যাম শহরে উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
 
গত ৭ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় ওল্ডহ্যামের ঐতিহ্যবাহী এম্পায়ার সুইট-এ অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি এম. জি. কিবরিয়া। সভা পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ এবং পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন খালেদ আহমেদ।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি এম. জি. কিবরিয়া l পরে বিদায়ী সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ গত দুই বছরের সাংগঠনিক কর্মকাণ্ডের বিবরণ এবং বিদায়ী কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন শিবলি আর্থিক প্রতিবেদন পেশ করেন। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে উভয় প্রতিবেদন গৃহীত ও অনুমোদিত হয়।
 
পরবর্তীতে সংগঠনের নির্বাহী কমিটির অনুমোদনক্রমে আগামী দুই বছরের নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ফারুক যোশী, গনি আহমেদ চৌধুরী, আফজাল রব্বানী ও মুমিন খান-এর ওপর ন্যস্ত করা হয়। সদস্যদের মতামত ও পরামর্শের ভিত্তিতে উপদেষ্টা পরিষদ ২০২৬–২০২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে মোহাম্মদ সিপার মিয়া সভাপতি, দিলওয়ার হোসেন শিবলী সাধারণ সম্পাদক এবং সৈয়দ জামাল হোসেন মিজান কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন।
 
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান শ্যামল, সহ-সভাপতি মওদুদ আহমেদ ও শাহ আব্দুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুব্বশর আলী, সহ-সাধারণ সম্পাদক নুরুল আমিন তারেক ও খালেদ আহমেদ, সহ-কোষাধ্যক্ষ নাসিরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হোসেন মামুন, দপ্তর সম্পাদক আকমল হোসেন, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ খায়রুজ্জামান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান লিটু, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তখলিছ মিয়া, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জাকারিয়া এবং প্রশিক্ষণ সম্পাদক বশির আহমেদ l 

এছাড়া নতুন কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি এম. জি কিবরিয়া, শামিম আহমেদ, আমীন বাবর চৌধুরী, লিয়াকত খান, আমিনুর রহমান, আলী নিয়াজ এবং সৈয়দ নাজমুল ইসলাম সুমন।
 
নবনির্বাচিত নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে উত্তর ইংল্যান্ডে কর্মরত বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা, সদস্যদের ঐক্য সুদৃঢ়করণ এবং কমিউনিটির স্বার্থে আরও কার্যকর ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় উপস্থিত সদস্য, সাংবাদিক, কমিউনিটি ব্যক্তিত্ব ও অতিথিরা বিদায়ী কমিটির অবদানের প্রশংসা করেন এবং নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, নতুন কমিটি সংগঠনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করে উত্তর ইংল্যান্ডে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন