https://www.prothomalony.com/

17637

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড’ ৯ আগস্ট

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ ১৪:১৬

বহুজাতিক সম্প্রীতি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড’। এ উপলক্ষে গত ৭ জুলাই সন্ধ্যায় উডসাইডের গুলশান টেরেসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগামী ৯ আগস্ট জ্যাকসন হাইটসের ৩৭তম অ্যাভিনিউজুড়ে অনুষ্ঠিত হবে এই প্যারেড।

বাংলাদেশ সোসাইটির উদ্যোগে আয়োজিত এই প্যারেডে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রবাসী কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেবেন। অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো পারস্পরিক সম্প্রীতি, সাংস্কৃতিক বন্ধন এবং বহুজাতিক সমাজে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের ঐক্যকে আরও সুদৃঢ় করা।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, প্যারেডে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী, পেশাজীবী এবং কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। বর্ণিল সাজসজ্জা, নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক, সংগীত ও সংস্কৃতির মাধ্যমে দক্ষিণ এশিয়ার বৈচিত্র্য তুলে ধরা হবে।

বাংলাদেশ সোসাইটির নেতারা বলেন, এটি শুধু বাংলাদেশিদের নয়, বরং সমগ্র দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার একটি ব্যতিক্রমী আয়োজন। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ নিউইয়র্কে বসবাসরত দক্ষিণ এশীয় কমিউনিটির পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং বহুসাংস্কৃতিক সমাজে তাদের ইতিবাচক উপস্থিতি আরও জোরালোভাবে তুলে ধরবে।

আয়োজকরা নিউইয়র্কে বসবাসরত দক্ষিণ এশীয় কমিউনিটির সদস্যদের পরিবার-পরিজনসহ প্যারেডে অংশ নিয়ে আয়োজনকে সফল করার আহ্বান জানিয়েছেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন