https://www.prothomalony.com/

17633

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে আড্ডা, স্মৃতিচারণে চবি এলামনাই অ্যাসোসিয়েশনের বনভোজন

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ ০৮:৫৬

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মনোরম পরিবেশে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর বার্ষিক বনভোজন। প্রায় দুই শতাধিক সাবেক শিক্ষার্থী, তাদের পরিবার-পরিজন ও অতিথিদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন যেন এক টুকরো ‘মিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ এ পরিণত হয়েছিল।

সকালের নাস্তা পরিবেশনের পর বনভোজন কমিটির আহ্বায়ক স্বপন, অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর সোলায়মান এবং সাধারণ সম্পাদক বদিউল আলম আনুষ্ঠানিকভাবে বনভোজনের উদ্বোধন ঘোষণা করেন।

দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল শিশুদের বিভিন্ন খেলাধুলা, পুরুষদের অন্ধের হাঁড়িভাঙা ও মহিলাদের পিলো পাসিংসহ দেশীয় নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা। খেলাধুলার পাশাপাশি সাবেক শিক্ষার্থীদের আড্ডা, গান, স্মৃতিচারণ ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ে মুখরিত ছিল পার্ক প্রাঙ্গণ।

মধ্যাহ্নভোজ শেষে অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আশিক মাহমুদের সঞ্চালনায় সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এতে সাবেক শিক্ষার্থীদের পরিচিতি, গ্রুপ ফটোসেশন, আলোচনা সভা এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর সোলায়মান।

আলোচনা সভায় সাবেক সভাপতি শামসুল ইসলাম মজনু, ড. আবুল কাশেম, এমলাক হোসেন ফয়সল, সিনিয়র অ্যালামনাই ডা. আতাউল ওসমানী, মো. সুজন, সাধারণ সম্পাদক বদিউল আলম, বনভোজন কমিটির আহ্বায়ক স্বপন ও সদস্যসচিব হানিফ চৌধুরীসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

অনুষ্ঠান সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম, অনুদান ও পৃষ্ঠপোষকতা প্রদান করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকেরা। এ সময় সাবেক সভাপতি কাজী ইসমাইল, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর চৌধুরী, মো. আশরাফ, কাওসার সরদার, নুরুল আমিন, শাকিল, শীতক, নিপা, রিপন, সাইয়েদা তাহেরা, বাবু ও শামীমসহ সংশ্লিষ্ট সকলের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়।

এবারের বনভোজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র। এতে প্রথম পুরস্কার হিসেবে গোল্ড স্যান্ডস গ্রুপ ইউএসএ-এর সৌজন্যে একটি স্বর্ণের চেইন প্রদান করা হয়, যা উপস্থিত সবার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

প্রকৃতি, বন্ধুত্ব ও স্মৃতিচারণের অপূর্ব সমন্বয়ে এবারের বনভোজন সাবেক শিক্ষার্থীদের এক অবিস্মরণীয় মিলনমেলায় পরিণত হয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন