https://www.prothomalony.com/
17451
north-america
প্রকাশ: ২৩ জুন ২০২৬ ০২:০২
নিউজার্সিতে অনুষ্ঠিত ২১তম সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যালে সফলভাবে মঞ্চস্থ হয়েছে বাংলাদেশের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ রচিত নাটক ‘অমানুষ’। সূচনা থিয়েটার নিউজার্সির প্রযোজনায় এবং জান্নাতুল টুম্পার নির্দেশনায় নাটকটি উৎসবের অন্যতম আলোচিত পরিবেশনায় পরিণত হয়।

দুই সপ্তাহান্তব্যাপী অনুষ্ঠিত এই আন্তর্জাতিক নাট্যোৎসবে দক্ষিণ এশিয়ার বিভিন্ন নাট্যদল অংশ নেয়। সেই আয়োজনে সূচনা থিয়েটারের ‘অমানুষ’ পরপর দুটি প্রদর্শনীতে মঞ্চস্থ হয়। উভয় প্রদর্শনীতেই দর্শকদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। নাটক শুরুর আগে থেকেই দর্শকদের দীর্ঘ সারি এবং প্রদর্শনী শেষে দীর্ঘ করতালি প্রযোজনাটির প্রতি দর্শকদের আগ্রহ ও গ্রহণযোগ্যতারই প্রমাণ বহন করে।
মনস্তাত্ত্বিক ও সামাজিক বাস্তবতাভিত্তিক নাটক ‘অমানুষ’-এ যুদ্ধের স্মৃতি, মানুষের অন্তর্দ্বন্দ্ব, হতাশা, সামাজিক অবক্ষয় এবং মানবিক মূল্যবোধের সংকটকে শক্তিশালী নাট্যভাষায় তুলে ধরা হয়েছে। সমসাময়িক বাস্তবতার সঙ্গে নাটকের বিষয়বস্তুর সংযোগ দর্শকদের গভীরভাবে স্পর্শ করে। প্রদর্শনী শেষে অনেক দর্শক নাটকের নির্মাণশৈলী, সংলাপ, অভিনয় এবং নির্দেশনার প্রশংসা করেন।
বিশেষ করে নাটকের অভিনয়শিল্পীদের সংযত ও শক্তিশালী অভিনয় এবং নির্দেশক জান্নাতুল টুম্পার মঞ্চ-পরিকল্পনা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। একটি জটিল মনস্তাত্ত্বিক নাটককে সহজ অথচ শিল্পসম্মত উপস্থাপনায় রূপ দেওয়ার জন্য নাট্যবোদ্ধারাও প্রযোজনাটির প্রশংসা করেন।
উৎসবের আয়োজক সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যালের কর্তৃপক্ষ সূচনা থিয়েটারের প্রযোজনাকে উচ্চ প্রশংসায় ভূষিত করেন। তারা ভবিষ্যতেও সূচনা থিয়েটারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং উত্তর আমেরিকায় বাংলা নাটকের বিকাশে দলটির অবদানকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
দুই দশকেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসা সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও নাট্যধারাকে একই মঞ্চে তুলে ধরার অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন। এবারের উৎসবেও বাংলা, ইংরেজি ও হিন্দিসহ বিভিন্ন ভাষায় একাধিক নাটক মঞ্চস্থ হয়। সেই আয়োজনে বাংলাদেশের নাট্যঐতিহ্যকে প্রতিনিধিত্ব করে সূচনা থিয়েটারের ‘অমানুষ’ বিশেষভাবে দর্শক ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

রোববার সমাপনী ডিনার ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ২১তম সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল। নাট্যকুশীলব, পরিচালক, আয়োজক, পৃষ্ঠপোষক ও দর্শকদের উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠানটি উৎসবের সাফল্যকে নতুন মাত্রা দেয়।
সূচনা থিয়েটার নিউ জার্সির পক্ষ থেকে আয়োজক, দর্শক, শুভানুধ্যায়ী এবং উৎসবের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, প্রবাসে বাংলা নাট্যচর্চাকে আরও সমৃদ্ধ করা, নতুন প্রজন্মকে নাটকের সঙ্গে সম্পৃক্ত করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাট্যসাহিত্যকে তুলে ধরার প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তাদের ভাষায়, ২১তম সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যালে ‘অমানুষ’-এর সফল মঞ্চায়ন শুধু একটি নাটকের সাফল্য নয়; এটি উত্তর আমেরিকায় বাংলা নাট্যচর্চার বিকাশ এবং প্রবাসী শিল্পীদের সৃজনশীল সম্ভাবনারও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন