https://www.prothomalony.com/

17437

north-america

উত্তর আমেরিকা

গুদামকে অভিবাসী আটক কেন্দ্র বানানোর পরিকল্পনা থেকে সরে এলো আইস

প্রকাশ: ২০ জুন ২০২৬ ১২:৪৬

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) বহুল আলোচিত অভিবাসী আটক কেন্দ্র সম্প্রসারণ প্রকল্প থেকে সরে আসছে। পরিকল্পনার অংশ হিসেবে কেনা ১১টি শিল্প গুদামের মধ্যে ৭টিই এখন বিক্রি বা অন্য ফেডারেল সংস্থার কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।

জানা গেছে, অভিবাসন আটক ব্যবস্থাকে বড় পরিসরে পুনর্গঠনের লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই প্রকল্পে ইতোমধ্যে প্রায় ১ বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছিল। উদ্দেশ্য ছিল বিদ্যমান ব্যবস্থার বাইরে নতুন বড় পরিসরের আটক কেন্দ্র তৈরি করা।

তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, তারা এখন স্থানীয় ও অঙ্গরাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে পরিচালিত বিদ্যমান আটক কেন্দ্রগুলোকেই অগ্রাধিকার দেবে। সংস্থাটি বলেছে, আটককৃতদের দ্রুত অপসারণই মূল লক্ষ্য, নতুন অবকাঠামোতে ব্যয় বাড়ানো নয়।

এক বিবৃতিতে ডিএইচএস দাবি করে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দ্রুত দেশে ফেরত পাঠানো উচিত, করদাতাদের অর্থে দীর্ঘদিন আটক রাখা নয়।

এই সিদ্ধান্তকে আইসের ডিটেনশন রি-ইঞ্জিনিয়ারিং ইনিশিয়েটিভ নামে পরিচিত ৩৮ বিলিয়ন ডলারের বড় পরিকল্পনা ভেস্তে গেলো। পরিকল্পনার লক্ষ্য ছিল ২০০টির বেশি কেন্দ্রকে সংকুচিত করে ৩৪টি ফেডারেল নিয়ন্ত্রিত কেন্দ্র গড়ে তোলা।

প্রশাসন জানিয়েছিল, অভিবাসী আটক সক্ষমতা বাড়ানোই ট্রাম্পের গণ-নির্বাসন নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু নতুন গুদামগুলোকে আটক কেন্দ্রে রূপান্তর করা প্রত্যাশার চেয়ে বেশি ব্যয়বহুল ও জটিল হয়ে পড়ে।

এই প্রকল্প স্থানীয় পর্যায়ে ব্যাপক বিরোধিতার মুখেও পড়ে। মিশিগান, নিউ জার্সি, মেরিল্যান্ড, জর্জিয়া ও ইউটাহসহ একাধিক অঙ্গরাজ্যে স্থানীয় প্রশাসন ও অধিকারকর্মীরা পরিবেশ ও অবকাঠামোগত ঝুঁকির কথা বলে মামলা করেন। কয়েকটি আদালত নির্মাণকাজও স্থগিত করে দেয়।

মিশিগানের রোমুলাস শহরের একটি বড় গুদাম ঘিরে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়, যেখানে প্রায় ৫০০ জনকে রাখার পরিকল্পনা ছিল। পরে মিশিগান অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল এই সিদ্ধান্তকে জনচাপ ও আইনি লড়াইয়ের ফল বলে মন্তব্য করেন।

এখন ডিএইচএস জানিয়েছে, মিশিগান, নিউ জার্সি, পেনসিলভানিয়া, জর্জিয়া ও ইউটাহর কয়েকটি সম্পত্তি বিক্রি বা বাতিল করা হবে। তবে টেক্সাস, অ্যারিজোনা ও মেরিল্যান্ডে কিছু প্রকল্প চলমান থাকবে।

অন্যদিকে আইস এখন বেসরকারি আটক কেন্দ্র পরিচালনাকারী কোম্পানিগুলোর সঙ্গে নতুন করে সুবিধা কেনার বিষয়টিও বিবেচনা করছে, যাদের সঙ্গে তারা আগে থেকেই চুক্তিবদ্ধ।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন