https://www.prothomalony.com/

17392

north-america

উত্তর আমেরিকা

মঞ্চে ‘সূচনা থিয়েটার’-এর ‘অমানুষ’

প্রকাশ: ১৪ জুন ২০২৬ ০৫:০৮

যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলা নাট্যচর্চাকে নতুন গতি দিতে  কাজ করছে  নাট্যদল ‘সূচনা থিয়েটার’। প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও নাট্যঐতিহ্যকে নতুন প্রজন্ম এবং বহুজাতিক দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত এই সংগঠনের প্রযোজনা হিসেবে মঞ্চস্থ হচ্ছে বাংলাদেশের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ রচিত নাটক ‘অমানুষ’।

রোববার (১৪ জুন) নিউজার্সির নিউ ব্রান্সউইকের ৯ বেয়ার্ড স্ট্রিট মিলনায়তনে অনুষ্ঠিত সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যালের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটকটি দুটি প্রদর্শনীতে মঞ্চস্থ হচ্ছে। বিকেল ৩টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দুটি শো ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ।

‘অমানুষ’ এমন একটি নাটক, যা মানুষের মানবিক মূল্যবোধ, সামাজিক বৈষম্য, নৈতিক সংকট এবং সময়ের নির্মম বাস্তবতাকে দর্শকের সামনে তুলে ধরে। নাটকের মূল প্রশ্ন—মানুষ কখন তার মানবিকতা হারিয়ে ‘অমানুষ’-এ পরিণত হয়? সমসাময়িক সমাজবাস্তবতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এই নাটক দর্শকদের আত্মসমালোচনারও সুযোগ করে দেয়।

এই প্রযোজনার মাধ্যমে নির্দেশক হিসেবে আত্মপ্রকাশ করেছেন জান্নাতুল টুম্পা। এটি তাঁর জীবনের প্রথম নাট্যনির্দেশনা। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, একজন নবীন নির্দেশক হিসেবে এমন একটি শক্তিশালী নাটক নিয়ে কাজ করার সাহস তিনি পেয়েছেন মামুনুর রশীদ-এর উৎসাহ ও অনুপ্রেরণা থেকে। তাঁর মতো একজন কিংবদন্তি নাট্যব্যক্তিত্বের রচনা নিয়ে কাজ করার সুযোগকে তিনি নিজের জীবনের অন্যতম বড় সৌভাগ্য ও গর্বের বিষয় বলে উল্লেখ করেন।

জান্নাতুল টুম্পা আরও বলেন, ‘সূচনা থিয়েটার’-এর লক্ষ্য শুধু একটি নাট্যদল গড়ে তোলা নয়; বরং প্রবাসে বাংলা নাটকের জন্য একটি স্থায়ী সাংস্কৃতিক প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে বাংলাদেশের নাট্যঐতিহ্য, সাহিত্য, ইতিহাস এবং মানবিক গল্পগুলো নিয়মিতভাবে মঞ্চে উঠে আসবে।

তিনি এই প্রযোজনার সঙ্গে যুক্ত সকল শিল্পী, কলাকুশলী, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর ভাষায়, দর্শকদের ভালোবাসা ও সমর্থনই নতুন এই নাট্যদলের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ‘সূচনা থিয়েটার’ বিশ্বাস করে নাটক কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি সংস্কৃতির ধারক, পরিচয়ের ভাষা এবং মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরির এক শক্তিশালী শিল্পমাধ্যম। সেই বিশ্বাস থেকেই প্রবাসে বাংলা নাটকের চর্চাকে আরও বিস্তৃত ও ধারাবাহিক করার পরিকল্পনা নিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে।

প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চায় নাটকের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নতুন প্রজন্মকে মাতৃভাষা ও শিকড়ের সঙ্গে যুক্ত রাখতে নাট্যচর্চা যে কার্যকর ভূমিকা রাখতে পারে, ‘সূচনা থিয়েটার’-এর এই উদ্যোগ তারই একটি নতুন সংযোজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে আরও নতুন প্রযোজনা, নতুন শিল্পী এবং নতুন দর্শকের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রে বাংলা নাটকের পরিধি আরও বিস্তৃত হবে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন