https://www.prothomalony.com/

17298

north-america

উত্তর আমেরিকা

ডিএমভিতে প্রবাসীদের জন্য মেগা উন্মুক্ত আকাশের কনসার্ট, মঞ্চে মুজা, প্রতীক ও ক্রোনেজ

প্রকাশ: ০৩ জুন ২০২৬ ০৮:১৫

ওয়াশিংটন ডিসি, ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়া (ডিএমভি) অঞ্চলের প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজন করা হচ্ছে এ যাবৎকালের অন্যতম বৃহৎ ও জমকালো উন্মুক্ত আকাশের কনসার্ট। চেনা বিনোদনের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক আয়োজন উপহার দিতে এই বিশেষ উদ্যোগ নিয়েছেন মূল পরিকল্পনাকারী ইউসুফ খান রাসেল, প্রধান সমন্বয়কারী মিষ্টি সরকার, ব্রাইটস্টার এন্টারটেইনমেন্টের সঞ্জু চৌধুরী এবং পিআর কুইন ড. পিয়ালী রায়।

আয়োজনটির প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি সংগীতশিল্পী ও সুরকার মুজা (মুজা)। পাশাপাশি মঞ্চ মাতাবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রতীক হাসান এবং চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত তরুণ সংগীতশিল্পী শামির মাহমুদ। এ আয়োজনে আরও উপস্থিত থাকবেন জনপ্রিয় টেলিভিশন সংবাদ উপস্থাপক ও সংগীতশিল্পী নাজনীন আহমেদ। স্থানীয় ব্যান্ড হিসেবে অংশ নেবে ওয়াশিংটন ডিসি ভিত্তিক জনপ্রিয় বাংলা রক ব্যান্ড ক্রোনেজ।

কনসার্টের জন্য নির্ধারণ করা হয়েছে আধুনিক ও বিশ্বমানের ভেন্যু ‘ক্রেসেন্ডো স্টুডিও’। পুরো আয়োজনে থাকবে অত্যাধুনিক শব্দ ব্যবস্থা, আলো ব্যবস্থা ও বড় পর্দার প্রদর্শনী। দর্শকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বিবেচনায় রেখে ইনডোর স্টেজ এবং টারপলিনসহ বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। ডিএমভি অঞ্চলের কনসার্ট ইতিহাসে প্রথমবারের মতো পুরো অনুষ্ঠান ড্রোন ক্যামেরায় ধারণ করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজন থেকে অর্জিত লাভের ১৫ শতাংশ বাংলাদেশে অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় দান করা হবে। সাধারণ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ ডলার এবং আসন সুবিধাসহ বিশেষ টিকিট ৫০ ডলার।

আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য ও বুকিংয়ের জন্য প্রবাসীরা desieventsgo.com ওয়েবসাইটটি ভিজিট করতে পারবেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন