https://www.prothomalony.com/

17291

new-york

নিউইয়র্ক

"ভাড়া অসম্ভব বেশি": হোসটোস কলেজে মেয়র মামদানির মুখোমুখি তরুণরা

প্রকাশ: ০৩ জুন ২০২৬ ০২:১৫

নিউইয়র্ক সিটির তীব্র আবাসন সংকট এবং লাগামহীন ভাড়া বৃদ্ধির কারণে ব্রঙ্কসের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরা কীভাবে নিজেদের চেনা শহর থেকে ছিটকে পড়ছে, তা সরাসরি শুনলেন সিটির নতুন মেয়র জোহরান মামদানি। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় ব্রঙ্কসের হোসটোস কমিউনিটি কলেজের রেপার্টরি থিয়েটারে আয়োজিত এক বিশেষ গণশুনানিতে কয়েক শ শিক্ষার্থী, ভাড়াটে, অ্যাক্টিভিস্ট এবং স্থানীয় বাসিন্দা মেয়রের মুখোমুখি হন।

অর্থনৈতিক ন্যায়বিচার ও নাগরিক অধিকার নিয়ে কাজ করা অলাভজনক মিডিয়া সংস্থা 'মোর পারফেক্ট ইউনিয়ন' এর উচ্চশিক্ষা শাখা 'মোর পারফেক্ট ইউনিভার্সিটি' এবং মেয়রের কার্যালয়ের যৌথ উদ্যোগে এই 'স্টুডেন্টস রেন্টাল রিপঅফ হিয়ারিং' অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরু থেকেই মিলনায়তন ছিল কানায় কানায় পূর্ণ। উপস্থিত অনেক শিক্ষার্থীর মাথায় ছিল মেয়রের নিজস্ব সিগনেচার রঙে (হলুদ ও লাল) লেখা স্লোগান—'দি রেন্ট ইজ টু ড্যাম হাই'। শুনানিতে একের পর এক শিক্ষার্থী ও তরুণ ভাড়াটে মেয়রের কাছে আবাসন, উচ্ছেদ, নিরাপত্তাহীনতা, অবহেলিত আবাসন ব্যবস্থা এবং আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয় নিয়ে তাদের ক্ষোভ ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

সাউথ ব্রঙ্কসে জন্ম নেওয়া এক কলেজ সিনিয়ার এবং ভাড়াটে সংগঠক জানান, ভাড়া বৃদ্ধির কারণে তার পরিবার চেনা এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। ব্রঙ্কসের স্থানীয় বাসিন্দা এবং 'সিইউএনডব্লিউ কেয়ার্স' এর লিড অ্যাডভোকেট ব্রিটানি লাঞ্জানো জানান, ব্রঙ্কসে একটি অ্যাপার্টমেন্টের ভাড়া ২৫০০ ডলারে পৌঁছানোর পর তিনি চার বছর আগে কুইন্সে চলে যেতে বাধ্য হন, যা ব্রঙ্কসের তুলনায় প্রায় এক হাজার ডলার সস্তা ছিল। ন্যাশনাল ক্লিন ওয়াটার কালেক্টিভ ইয়ুথ কাউন্সিলের পক্ষ থেকে এক শিক্ষক প্রশ্ন তোলেন, সিটির ইতিহাসে সর্বোচ্চ ভাড়া দেওয়ার পরও কেন ট্যাপে নিরাপদ খাবার পানির মতো মৌলিক সুবিধা পাওয়া যাচ্ছে না?

এই গণশুনানির ঠিক দুদিন আগে মেয়র মামদানির প্রশাসন সিটির ইতিহাসে অন্যতম বড় আবাসন এজেন্ডা "ব্লক বাই ব্লক: দ্য হাউজিং প্ল্যান ফর আ নিউ এরা" ঘোষণা করেছে। শুনানিতে মেয়র পরিকল্পনার মূল দিকগুলো তুলে ধরেন: যেখানে বলা হয়, আগামী ৫ বছরে ২২ বিলিয়ন ডলারের ঐতিহাসিক পুঁজি বিনিয়োগের মাধ্যমে সিটিতে ২ লাখ নতুন সাশ্রয়ী ও স্থায়ী রেন্ট-স্ট্যাবিলাইজড (ভাড়া-নিয়ন্ত্রিত) বাড়ি নির্মাণ করা হবে এবং আরও ২ লাখ আবাসনকে সংরক্ষণ করা হবে।

কর্মক্ষেত্রের মতো বাড়িভাড়ার ক্ষেত্রেও ভাড়াটেদের অধিকার রক্ষায় 'টেন্যান্ট ইউনিয়ন' বা ভাড়াটে ইউনিয়নকে শক্তিশালী করা হবে। কোনো ভবনের সংখ্যাগরিষ্ঠ ভাড়াটে ঐক্যবদ্ধ হলে সিটি এজেন্সিগুলো পুরো ভবনে ছাদ থেকে বেসমেন্ট পর্যন্ত সমন্বিত অভিযান চালাবে। এবং অসৎ ও দায়িত্বজ্ঞানহীন বাড়িওয়ালাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার জন্য "ফিক্স দ্য সিটি" নামক নতুন কর্মসূচি চালু করা হয়েছে। ইতিমধ্যেই দায়িত্বজ্ঞানহীন মালিকদের কাছ থেকে ৬৫ মিলিয়ন ডলার জরিমানা আদায় করা হয়েছে।

শুনানিতে অংশ নেওয়া তরুণ ও শিক্ষার্থীদের আশ্বস্ত করে মেয়র জোহরান মামদানি বলেন: "আমরা কখনোই চাই না আপনারা এই সিদ্ধান্তে পৌঁছান যে, জীবন ধারণের জন্য আপনাদের এই সিটি ছেড়ে চলে যেতে হবে। আমরা চাই আপনারা এই সিটিতেই থাকুন এবং এখানেই নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলুন। আমাদের প্রশাসন সিটির ৭০ শতাংশ ভাড়াটেকে আর অবহেলার চোখে দেখবে না।"

আবাসনের গুণগত মান প্রসঙ্গে: মেয়র স্বীকার করেন যে আবাসন সংকটের মানে শুধু অতিরিক্ত ভাড়া নয়, বরং জরাজীর্ণ পরিবেশও। এই সমস্যা সমাধানে পরিদর্শক ও আইন প্রয়োগকারী জনবল বাড়ানো হবে এবং বারবার আইন অমান্যকারী মালিকদের সম্পত্তি প্রয়োজনে অলাভজনক সংস্থা বা ভাড়াটেদের নিজেদের নিয়ন্ত্রণে হস্তান্তর করার আইনি প্রক্রিয়া সহজ করা হবে।

হোসটোস কমিউনিটি কলেজ ঐতিহাসিকভাবেই ব্রঙ্কসের সামাজিক ও নাগরিক আন্দোলনের একটি বড় কেন্দ্র। আগামী ৮ জুন (সোমবার) এই কলেজ প্রাঙ্গণেই 'নিউইয়র্ক সিটি রেন্ট গাইডলাইনস বোর্ড' এর বার্ষিক ব্রঙ্কস পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে সাধারণ মানুষ আবাসন ও ভাড়া বৃদ্ধির বিষয়ে তাদের মতামত দেওয়ার আরেকটি সুযোগ পাবেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন