https://www.prothomalony.com/

17264

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে বিদ্যুৎ বিলের চাপ কমাতে ২০০ ডলারের রিবেট চেক দেবে সরকার

প্রকাশ: ৩১ মে ২০২৬ ০৭:১৯

নিউইয়র্কে ক্রমবর্ধমান বিদ্যুৎ ও জ্বালানি বিলের চাপ কমাতে নতুন আর্থিক সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে রাজ্য সরকার। নতুন বাজেটের অংশ হিসেবে মোট ১ বিলিয়ন ডলারের তহবিল বরাদ্দ করা হয়েছে, যার মাধ্যমে যোগ্য বাসিন্দারা এককালীন রিবেট চেক পাবেন।

“প্রটেক্টিং আওয়ার ওয়ালেটস এনার্জি রিবেট” বা পাওয়ার প্রোগ্রামের আওতায় এই অর্থ স্বয়ংক্রিয়ভাবে ডাকযোগে পাঠানো হবে। এতে আবেদন করার প্রয়োজন হবে না বলে জানিয়েছে প্রশাসন।

আয়ের ভিত্তিতে রিবেটের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।  যৌথভাবে কর দাখিলকারীদের আয় ১ লাখ ৫০ হাজার ডলারের নিচে হলে ২০০ ডলার এবং ১ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ ডলারের মধ্যে হলে ১৫০ ডলার দেওয়া হবে। একক করদাতারা আয়ের শর্ত পূরণ করলে পাবেন ১০০ ডলার।

সরকারি নিয়ম অনুযায়ী, ২০২৪ করবর্ষে সময়মতো নিউইয়র্কের বাসিন্দা হিসেবে ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে এবং ওই বছর পূর্ণকালীন বাসিন্দা হতে হবে। পাশাপাশি নির্ধারিত আয়ের সীমার মধ্যে থাকতে হবে এবং অন্য কারও ট্যাক্স রিটার্নে নির্ভরশীল হিসেবে তালিকাভুক্ত থাকা যাবে না।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে এই রিবেট চেক বিতরণ করা হবে। উচ্চ জ্বালানি খরচের কারণে সাধারণ মানুষের আর্থিক চাপ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় প্রশাসন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন