https://www.prothomalony.com/
17146
north-america
প্রকাশ: ১৬ মে ২০২৬ ১৮:৩৩
সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের ক্ষমতায়ন এবং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউজার্সির জার্সি সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল অলাভজনক সংস্থা 'আধুনিকা' (Adhunika)-এর ২৪তম বার্ষিক চ্যারিটি ফান্ডরেইজিং অনুষ্ঠান। গত ৯ মে, শনিবার সন্ধ্যায় স্থানীয় 'আর্ট হাউস প্রোডাকশন্স'-এ 'অ্যান ইভনিং অব হোপ উইথ ফ্রেন্ডস অব আধুনিকা' শিরোনামে এই আয়োজন সম্পন্ন হয়। দাতা, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়েছিল।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা 'সুলতানাস ড্রিম' অবলম্বনে নির্মিত সমসাময়িক মিউজিক্যাল ড্রামা 'লেডিল্যান্ড' (Ladyland)। নাটকটির মনোজ্ঞ মঞ্চায়ন উপস্থিত দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। এছাড়াও ছিল স্থানীয় ও বরেণ্য শিল্পীদের পরিবেশনায় গান, কবিতা ও নৃত্যের নান্দনিক উপস্থাপনা।
এবারের আয়োজনের বিশেষ চমক ছিলেন বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড 'ওয়ারফেজ'-এর প্রখ্যাত সংগীতশিল্পী বাবনা করিম। আধুনিকার ২৪তম এই বার্ষিক আয়োজনে তিনি তাঁর জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান। এছাড়াও তিনি শিল্পী আইয়ুব বাচ্চু ও সাফিন আহমেদের গান পরিবেশন করেন। তাঁর সঙ্গে বাদ্যযন্ত্রে সহযোগী হিসেবে মঞ্চে ছিলেন রাজীব রহমান, ওয়াসি নাঈম, রিচার্ড বোস এবং মিথুন।
শাহনাজ ইউসুফ প্রতিষ্ঠিত 'আধুনিকা' দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশি নারীদের প্রযুক্তিগত দক্ষতা ও ক্ষমতায়নে নিরলস কাজ করে যাচ্ছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, এই অনুষ্ঠানের মাধ্যমে সংগৃহীত তহবিল বাংলাদেশের সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের কল্যাণে পরিচালিত বিভিন্ন প্রকল্প, যেমন— 'গার্লস ডু কমিকস', 'ঢাকা ডকল্যাব' এবং শিশুদের লাইব্রেরি কার্যক্রমে ব্যয় করা হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি নিউইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার শাহানা হানিফ তাঁর বক্তব্যে 'লেডিল্যান্ড' পরিবেশনাটির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, "এই আয়োজন থেকে আমি ভীষণ অনুপ্রাণিত। আমাদের সমাজে বর্তমানে আরও বেশি সাহসী, প্রতিবাদী ও স্পষ্টভাষী নারীর প্রয়োজন।"
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজকরা গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করা স্বেচ্ছাসেবক ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত সকলে আগামীতেও আধুনিকার পাশে থেকে সামাজিক পরিবর্তনের এই যাত্রাকে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরা এবং আর্তমানবতার সেবায় প্রবাসীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বরাবরের মতোই সর্বমহলে প্রশংসিত হয়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন