https://www.prothomalony.com/

17098

new-york

নিউইয়র্ক

 কুইন্সব্রিজ ও রেভেনসউডে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: মেরি জোবাইদার প্রতিবাদ

প্রকাশ: ১২ মে ২০২৬ ০২:০৯

   নিউইয়র্কের কুইন্সব্রিজ হাউজেস ও রেভেনসউড হাউজেসে দীর্ঘদিন ধরে রান্নার গ্যাস বন্ধ থাকায় ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। এই পরিস্থিতির প্রতিবাদে ৩৬ অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টের প্রার্থী মেরি জোবাইদা শনিবার কুইন্সব্রিজ হাউজেসে এক সংবাদ সম্মেলন করেন।

মেরি জোবাইদা বলেন, “আমাদের প্রতিবেশীরা সমান মর্যাদার ভাড়াটিয়া। তাদের মৌলিক সেবা ও যথাযথ যোগাযোগ পাওয়ার অধিকার রয়েছে।” তিনি আরও বলেন, নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটিকে নিউইয়র্ক সিটির অন্যান্য আবাসন ব্যবস্থার মতো একই মানদণ্ডে জবাবদিহির আওতায় আনতে হবে, প্রয়োজনে সংস্থাটির কাঠামোগত সংস্কার করতে হবে।

তার প্রচারণা দলের সাম্প্রতিক পরিদর্শনে জানা যায়, কুইন্সব্রিজ ও রেভেনসউডের বহু বাসিন্দা কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস ধরে রান্নার গ্যাস ছাড়াই বসবাস করছেন। অনেকেই অভিযোগ করেন, গ্যাস কখন চালু হবে—সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য তাদের দেওয়া হয়নি। সংবাদ সম্মেলনের পরদিন ছিল মা দিবস, ফলে অনেক পরিবারই ঐতিহ্যগত পারিবারিক আয়োজন করতে পারবেন কি না, তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

জোবাইদা অভিযোগ করেন, বয়স্ক ও প্রতিবন্ধী বাসিন্দাদের অতিরিক্ত খাদ্য সহায়তা পেতে নিজ হাতে স্থানীয় জনসেবা অফিসে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে, যা অনেকের জন্য কষ্টসাধ্য। তিনি আরও বলেন, বহু বাসিন্দার ডাকবাক্স বছরের পর বছর ভাঙা থাকলেও হাউজিং কর্তৃপক্ষ সময়মতো মেরামত করে না, ফলে তাদের ডাকঘরে গিয়ে চিঠি সংগ্রহ করতে হয়।

সংবাদ সম্মেলনের পর কয়েকজন বাসিন্দা তাদের বাসায় সংবাদমাধ্যমকে নিয়ে গিয়ে দেখান, কীভাবে একটি মাত্র বৈদ্যুতিক হটপ্লেট দিয়ে রান্না করতে বাধ্য হচ্ছেন। কুইন্সব্রিজের দীর্ঘদিনের বাসিন্দা অ্যান্টোনেট উইলিয়ামস তার বাথরুমের পানিতে ক্ষতিগ্রস্ত ছাদ ও দেয়াল দেখিয়ে বলেন, “এটা তাদের সঙ্গে যেন বিড়াল-ইঁদুর খেলা। অভিযোগ করি, তারা ফাইল বন্ধ করে দেয়, আবার নতুন করে অভিযোগ করতে হয়।”

তিনি বলেন, “তেরো বছরে এমন গ্যাস সংকট আগে দেখিনি। গরম পানি বা হিটিং সমস্যা হয়েছে, কিন্তু এত দীর্ঘ সময়ের জন্য কখনও নয়।” মেরি জোবাইদা অভিযোগ করেন, হাউজিং কর্তৃপক্ষ বাসিন্দাদের ‘দ্বিতীয় শ্রেণির নাগরিক’ হিসেবে বিবেচনা করছে। তার ভাষায়, “নিউইয়র্কের ধনী এলাকায় এমন গ্যাস সংকট একদিনও চললে তা বড় খবর হয়ে যেত। কিন্তু নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে এই অবহেলা যেন স্বাভাবিক হয়ে গেছে।”

তিনি জানান, কুইন্সব্রিজের ৪১-০১ ও ৪১-০২ নম্বর ভবনে গ্যাস লাইনের একটি পাঁচ বছর ধরে ঝুলে থাকা অগ্নিনির্বাপণ বিভাগের লঙ্ঘনের মেরামত কাজ এখন শুরু হয়েছে, যা আগামী দুই সপ্তাহে শেষ হওয়ার কথা।

সংবাদ সম্মেলনের শেষে জোবাইদা প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে তিনি রাজ্যের তহবিল বিলাসবহুল আবাসন প্রকল্প থেকে সরিয়ে প্রকৃত সাশ্রয়ী সামাজিক আবাসন উন্নয়নে বরাদ্দের পক্ষে কাজ করবেন। তার ভাষায়, “অ্যাস্টোরিয়া ও লং আইল্যান্ড সিটি যেন দুই ভিন্ন শহরের গল্প—এই বৈষম্যের অবসান এখনই হওয়া উচিত।”
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন