https://www.prothomalony.com/

17039

new-york

নিউইয়র্ক

নিউইয়র্ক সিটিতে ৫০০টি নতুন 'নিরাপদ বাইক পার্কিং হাব'

প্রকাশ: ০৬ মে ২০২৬ ০১:১৮

নিউইয়র্ক সিটির পরিবহন বিভাগের কমিশনার মাইক ফ্লিন গত সোমবার ( ৪   মে) 'নিরাপদ বাইক পার্কিং কর্মসূচি' ঘোষণা করেছেন। যার আওতায় চলতি বছরের শেষ নাগাদ শহরজুড়ে পাঁচটি বরোতে ৫০০টি নিরাপদ বাইক পার্কিং পয়েন্টের একটি নেটওয়ার্ক তৈরি করা হবে। 

সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, এই কর্মসূচিটি সাইকেল মালিকানার ক্ষেত্রে বিদ্যমান বড় বাধাগুলো দূর করবে। বিশেষ করে ই-বাইক বা কার্গো বাইকের জন্য যেসব নিউইয়র্কবাসীর ছোট অ্যাপার্টমেন্টে জায়গা নেই, তারা শীঘ্রই রাস্তায় নিরাপদে বাইক রাখার সুযোগ পাবেন। 

এই পার্কিং ব্যবস্থাগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো এগুলোতে ছাউনিযুক্ত বা ঢাকা কাঠামো থাকবে। পরিবহন বিভাগ জানিয়েছে, এই কাঠামো বা ইউনিটগুলো আবাসিক এলাকার ব্লকগুলোর রাস্তার ধারের কার্ব লেনে স্থাপন করা সম্ভব হবে। এই পার্কিং ব্যবস্থায় বিভিন্ন ধরণের ডিজাইন থাকবে, যার মধ্যে ছোট এবং উচ্চ-ক্ষমতাসম্পন্ন উভয় ধরণের পার্কিং ব্যবস্থা অন্তর্ভুক্ত। 

নিরাপদ যাতায়াতের পরেই নিরাপদ বাইক পার্কিংয়ের অভাব হলো নিউ ইয়র্কবাসীদের সাইকেল না চালানোর দ্বিতীয় প্রধান কারণ-এমনটাই জানিয়েছেন পরিবহন বিষয়ক অ্যাডভোকেসি গ্রুপ 'ট্রান্সপোর্টেশন অল্টারনেটিভস' এর এর নির্বাহী পরিচালক বেন ফার্নাস। 

এছাড়া নিউ ইয়র্ক সিটির প্রায় ২৬ শতাংশ পরিবার বাইক চুরির শিকার হয়েছে। নিরাপদ পার্কিংয়ের ব্যবস্থা থাকলে মানুষ আরও বেশি সাইকেল চালাতে উৎসাহিত হবে, যা শহরের কার্বন নিঃসরণ কমাতে এবং পরিবেশ রক্ষা করতেও সাহায্য করবে।

নিউইয়র্কবাসী এখন nycdotprojects.info নামক নতুন অনলাইন পোর্টালের মাধ্যমে বাইক পার্কিং হাবগুলোর অবস্থান সম্পর্কে তাদের মতামত জানাতে পারবেন। প্রতিটি প্রস্তাবিত অবস্থানে তারা কোন ধরনের বাইক রাখতে চান (যেমন: সাধারণ বাইক, ই-বাইক, কার্গো বাইক বা অ্যাডাপ্টিভ বাইক ইত্যাদি) এবং কত সময়ের জন্য রাখতে চান (যেমন: দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, সারারাত বা সপ্তাহান্তের জন্য), তা এই পোর্টালের মাধ্যমে শেয়ার করতে পারবেন। 

একটি মেম্বারশিপ বা সদস্যপদ কর্মসূচির মাধ্যমে নাগরিকরা এই পার্কিং স্পেসগুলো ব্যবহার করতে পারবেন; যার মধ্যে বার্ষিক দীর্ঘমেয়াদী ফি এবং ঘণ্টাভিত্তিক হারের সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া ডিসকাউন্ট বা বিশেষ ছাড়ে সদস্য হওয়ার সুযোগও থাকবে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন