https://www.prothomalony.com/

16244

new-york

নিউইয়র্ক

নিরাপদ যাতায়াতের স্বপ্ন ফিকে হচ্ছে: নিউইয়র্ক সাবওয়েতে অপরাধ ১৭% বৃদ্ধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ২২:৫৮

নিউ ইয়র্ক সিটির সাবওয়ে ব্যবস্থায় অপরাধের হার নতুন করে বাড়তে শুরু করেছে, যা সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। এনওয়াইপিডি'র সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, বছরের শুরুতেই পাতাল রেল ব্যবস্থায় অপরাধের হার ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে চলতি সপ্তাহের মঙ্গলবার ব্রঙ্কসের একটি স্টেশনে বছরের প্রথম ভয়াবর খুনের ঘটনাটি ঘটেছে, যা শহরবাসীর উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। একদিকে পুলিশের দাবি এটি একটি সাময়িক পরিস্থিতি, অন্যদিকে সাধারণ যাত্রীরা আন্ডারগ্রাউন্ডে পুলিশি উপস্থিতি আরও বাড়ানোর জন্য প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছেন।

এনওয়াইপিডি-র ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সাবওয়ে এবং বাসে খুন ও ধর্ষণের মতো বড় অপরাধের সংখ্যা গত বছরের তুলনায় ১৭ শতাংশ বেড়েছে (২১০টি থেকে বেড়ে ২৪৬টি)। সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে ডাকাতির ক্ষেত্রে, যা ৫৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া শারীরিক লাঞ্ছনা বা হামলার ঘটনাও ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

চলতি সপ্তাহের মঙ্গলবার ব্রঙ্কসের ১৭০ নম্বর স্ট্রিট বি অ্যান্ড ডি স্টেশনের প্ল্যাটফর্মে ৪১ বছর বয়সী আদ্রিয়ান দাওয়োদু গুলিতে নিহত হন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বন্দুকধারীর সঙ্গে তর্কের এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পুলিশ এই ঘটনায় ২৭ বছর বয়সী আলবার্তো ফ্রিয়াসকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

সাবওয়েতে যাতায়াতকারী সাধারণ মানুষ এই পরিস্থিতির জন্য মাদকাসক্তি, গৃহহীনতা এবং মানসিক স্বাস্থ্যের সমস্যাকে দায়ী করছেন। টাইমস স্কয়ার স্টেশনে যাতায়াতকারী ৭৪ বছর বয়সী মাইকেল ফোর্ড আক্ষেপ করে বলেন, "এখানে অনেক মানুষ মানসিক সমস্যা ও মাদক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি নিয়মিত সাবওয়ে ব্যবহার করি, তাই এই পরিবেশ মোটেও ভালো লাগছে না।" 

একইভাবে অনেক যাত্রী মেয়র মামদানির প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যেন পাতাল পথে পুলিশের সংখ্যা কয়েকগুণ বাড়ানো হয়।

তবে এনওয়াইপিডি এই বৃদ্ধির জন্য ফেব্রুয়ারি মাসের তীব্র শীতকে অন্যতম কারণ হিসেবে দেখছে। তাদের মতে, প্রচণ্ড শীতে অনেক গৃহহীন মানুষ সাবওয়ে ব্যবস্থার ভেতরে আশ্রয় নেন, যা অপরাধের সংখ্যা কিছুটা বাড়িয়ে দেয়। 

পুলিশের মুখপাত্র জানান, ১৭ শতাংশ বৃদ্ধি মানে প্রতিদিন গড়ে প্রায় ৬টি করে অপরাধের ঘটনা ঘটছে। তবে গত বছরের তুলনায় ২০২৬ সালের জানুয়ারি মাসটি ঐতিহাসিকভাবে নিরাপদ ছিল বলেও তারা দাবি করেন।

মেয়র জোহরান মামদানি সম্প্রতি প্রচণ্ড শীতের কারণে সাবওয়ে থেকে উচ্ছেদ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রেখেছেন এবং প্রতিদিন অতিরিক্ত ১০০ জন পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য যে, ২০২৫ সালের মাঝামাঝি সময় পর্যন্ত নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে অপরাধের হার প্রাক-মহামারী বছরগুলোর তুলনায় রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে ছিল। এমনকি ২০২৫ সালের শেষ নাগাদ শহরের ট্রানজিট সিস্টেম গত এক প্রজন্মের মধ্যে সবচেয়ে নিরাপদ বছরে পদার্পণ করার পথে ছিল। ২০২১ সালের তুলনায় প্রতি দশ লক্ষ যাত্রীর বিপরীতে বড় ধরনের অপরাধের হার প্রায় ৩০ শতাংশ কমে এসেছিল। কিন্তু বছরের শুরুতেই অপরাধের এই হঠাৎ উল্লম্ফন সাধারণ যাত্রীদের মনে পুরোনো ভীতি ফিরিয়ে এনেছে। 

যাত্রীদের দাবি, রাজনীতি বা পরিসংখ্যান দিয়ে নয়, বরং কঠোর পুলিশি পাহারার মাধ্যমেই সাবওয়েতে নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন