https://www.prothomalony.com/

15513

new-york

নিউইয়র্ক

কমিউনিটি অপ-এড: ছোট ব্যবসার বড় শহর

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫ ০৪:২৮

নিউইয়র্ক সিটি মূলত ছোট ব্যবসার একটি বিশাল শহর; যার মধ্যে রয়েছে পারিবারিক দোকান, বোডেগা, ফুড ট্রাক ও রেস্তোরাঁ। উৎসবের মৌসুম এসব ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে বাড়তি কেনাকাটা ও মানুষের চলাচলের মাধ্যমে শহরের অর্থনীতিতে অতিরিক্ত ৫০০ মিলিয়ন ডলার যোগ হয়। এই অর্থ সরাসরি নিউইয়র্কবাসীদের পকেটে ফিরে যায়, যা শহরের শ্রমজীবী মানুষের জীবনযাপনকে আরও সাশ্রয়ী করে তোলে।

গত বছর ব্ল্যাক ফ্রাইডেতে ব্রায়ান্ট পার্ক, টাইমস স্কোয়ার ও সোহোর মতো ম্যানহাটনের প্রধান খুচরা এলাকায় এক মিলিয়নের বেশি মানুষের ভিড় ছিল। কুইন্সের জ্যামাইকা ও ফ্লাশিং, ব্রঙ্কসের ফোর্ডহ্যাম রোড এবং ব্রুকলিনের মেট্রোটেক এলাকাতেও আগের বছরের তুলনায় ভিড় বেড়েছে। এসব তথ্য শহরের পর্যটন খাতের শক্ত অবস্থানও প্রমাণ করে বলে মনে করেন সিটি মেয়র এরিক অ্যাডামস।

সোমবার (১ ডিসেম্বর) কমিউনিটি অপ-এডে অ্যাডামস বলেন, “২০২৪ সালের ব্ল্যাক ফ্রাইডেতে টাইমস স্কোয়ারের দুই-তৃতীয়াংশ দর্শকই ছিলেন শহরের বাইরের মানুষ। এর প্রায় অর্ধেক এসেছিলেন বৃহত্তর মেট্রো এলাকার বাইর থেকে। এটি প্রমাণ করে নিউইয়র্ক সিটি এখনো একটি বৈশ্বিক ছুটির গন্তব্য হিসেবে আকর্ষণ ধরে রেখেছে। শহরকে নিরাপদ ও বাসযোগ্য করার পদক্ষেপের ফলেই আমরা টানা আট ত্রৈমাসিকে অপরাধ কমতে দেখছি। বর্তমানে নিউইয়র্ক সিটিতে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক ছোট ব্যবসা রয়েছে। আরও উল্লেখযোগ্য যে, শহরে পরিচালিত ব্যবসার এক-চতুর্থাংশের বেশি এই প্রশাসনের আমলে তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “পুঁজি পাওয়া ছোট ব্যবসার সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৩ সালে চালু হওয়ার পর থেকে আমাদের এনওয়াইসি স্মল বিজনেস অপরচুনিটি ফান্ড ১ হাজার ছোট ব্যবসাকে ৮৫ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে। ক্ষমতায় আসার চার বছরেরও কম সময়ে ছোট ব্যবসা ও উদ্যোক্তাদের জন্য আমরা ৩৫০ মিলিয়ন ডলারের বেশি অর্থায়নে সহায়তা করেছি। ২০২৪ সালের শুরু থেকে ১৬ হাজারের বেশি নিউইয়র্কবাসী জবস এনওয়াইসি হায়ারিং হলে অংশ নিয়েছেন, যার ফলে ৫ হাজারের বেশি অন-সাইট সাক্ষাৎকার এবং ২ হাজারেরও বেশি শর্তসাপেক্ষ চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে।”

আমলাতান্ত্রিক জটিলতা কমাতে প্রশাসনের প্রথম পদক্ষেপগুলোর একটি ছিল ২০২২ সালের জানুয়ারিতে “স্মল বিজনেস ফরওয়ার্ড” নির্বাহী আদেশে স্বাক্ষর। এর ফলে ছোট ব্যবসাগুলোর জরিমানা কমে আনুমানিক ৮.৯ মিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে এবং শিক্ষা-ভিত্তিক পদ্ধতি চালুর মাধ্যমে তাদের টিকে থাকার সুযোগ বাড়ানো হয়েছে। এনওয়াইসি বিজনেস এক্সপ্রেস সার্ভিস টিম ছোট ব্যবসাকে নগর প্রশাসনের জটিলতা মোকাবিলায় সহায়তা করছে, যাতে তারা ফি ও জরিমানা এড়াতে পারে। এসব উদ্যোগ মিলিয়ে ছোট ব্যবসাগুলোর প্রায় ৭০ মিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে।

অ্যাডামস বলেন, “ছোট ব্যবসা আমাদের অর্থনীতির ভিত্তি এবং কমিউনিটির প্রাণ। এগুলো পরিবারকে সমর্থন করে, পাঁচ বরোর বৈচিত্র্যময় পাড়া-প্রতিবেশকে সমৃদ্ধ করে তোলে। আমি প্রতিটি নিউইয়র্কবাসীকে উৎসাহ দিচ্ছি—বাইরে বের হোন, প্রতিবেশী দোকানগুলোর পাশে দাঁড়ান, স্থানীয়ভাবে কেনাকাটা করুন। নিউইয়র্ক সিটি এমন এক জায়গা, যেখানে স্বপ্ন তৈরি হয়। আমরা চাই প্রতিটি ছোট ব্যবসা সেই স্বপ্নের অংশ হোক এবং শ্রমজীবী মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি করুক।”
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন