https://www.prothomalony.com/
15409
new-york
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫ ০৫:৪৪
নিউইয়র্ক সিটি প্রশাসন ফস্টার কেয়ারে থাকা যুবকদের কলেজ ও কর্মজীবনের সুযোগ আরও সহজলভ্য করার জন্য ‘অ্যাডমিনিস্ট্রেশন ফর চিলড্রেন’স সার্ভিসেস’ অধীনে একাধিক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সম্প্রসারণ করেছে।
সোমবার (নভেম্বর ১৭) কমিউনিটি অপ-এডে এই তথ্য জানান সিটি মেয়র এরিক অ্যাডামস।
প্রশাসনের এই সম্প্রসারণ ও নতুন উদ্যোগ একটি বৃহত্তর ১৬৩ মিলিয়ন ডলারের বিনিয়োগের অংশ, যা শহরের তরুণদের শক্তিশালী ভবিষ্যৎ গড়ার জন্য নেয়া হয়েছে। সম্প্রসারণের মাধ্যমে ফস্টার কেয়ার এবং জুভেনাইল জাস্টিস সিস্টেমে থাকা হাজার হাজার যুবক একাডেমিক, কর্মজীবন ও জীবনধারণের জন্য প্রয়োজনীয় সহায়তা পাবেন।
নতুন উদ্যোগগুলোর মধ্যে অন্যতম হলো ‘ফেয়ার ফিউচারস’ প্রোগ্রাম, যা ১১ থেকে ২৬ বছর বয়সী যুবকদের জন্য ‘ওয়ান অন ওয়ান’ কোচিং ও টিউটরিং প্রদান করে। ২০১৯ সালে চালু হওয়া এই প্রোগ্রামটি পরবর্তীতে জুভেনাইল জাস্টিস সিস্টেমের যুবকদের অন্তর্ভুক্ত করার জন্য সম্প্রসারিত হয়েছে।
অ্যাডামস জানান, ২০২৪ অর্থবছরে কোচরা নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলসের সঙ্গে কাজ করে ফস্টার কেয়ারে থাকা নবম শ্রেণির ছাত্রদের উচ্চ বিদ্যালয়ে ভর্তি করাতে সহায়তা করেছেন। এছাড়া স্কুল ত্যাগ করা ১১৬ শিক্ষার্থীকে পুনরায় ভর্তি করানো সম্ভব হয়েছে। বর্তমানে প্রায় ৪ হাজার যুবক এই সুবিধা পাচ্ছে, এবং ২০২৭ সালের মধ্যে সুবিধাভোগীর সংখ্যা ৬ হাজারে উন্নীত হবে।
কোচিংয়ের পাশাপাশি, ফেয়ার ফিউচারস প্রোগ্রাম ফস্টার কেয়ারে থাকা বা জুভেনাইল জাস্টিস সিস্টেমে যুক্ত তরুণদের শিক্ষা, কর্মজীবন, আবাসন ও স্বাধীন জীবনধারণে সহায়তা প্রদান করে।
প্রশাসন ‘কলেজ চয়েস’ প্রোগ্রাম ও সম্প্রসারণ করছে, যা ২০২২ সালে চালু হয়েছিল। এর মাধ্যমে ফস্টার কেয়ারের যুবকদের কলেজে যাওয়ার জন্য টিউশন, রুম-বোর্ড এবং দৈনিক অর্থ সহায়তা প্রদান করা হয়। বর্তমানে এই প্রোগ্রাম ৪০০ জনের থেকে বাড়িয়ে ৫০০ জন যুবককে সহায়তা দেবে।
এছাড়া নতুনভাবে চালু করা হয়েছে ‘ক্যারিয়ার চয়েস’ প্রোগ্রাম, যা কলেজের পরিবর্তে ভোকেশনাল, ট্রেড বা কর্মসংস্থান উন্নয়ন কর্মসূচিতে যুক্ত হতে ইচ্ছুক যুবকদের আর্থিক ও সামাজিক সহায়তা দেবে। প্রায় ৪০০ জন যুবক এর আওতাভুক্ত হবেন।
অ্যাডামস জানান, এই সব সম্প্রসারণ ও নতুন উদ্যোগ মিলিয়ে ৮ হাজার অংশগ্রহণকারীকে সহায়তা করা হবে। এই উদ্যোগগুলোর মাধ্যমে ফস্টার কেয়ারের আরও বেশি যুবক হাই স্কুল শেষ করতে, কলেজে ভর্তি হতে এবং কর্মজীবনে সাফল্য অর্জনে সক্ষম হবেন।
মেয়র অ্যাডামস বলেন, "নিউইয়র্ক হলো সুযোগের শহর। আমাদের তরুণ প্রজন্মের সাফল্যে আমরা বিনিয়োগ করছি। শিক্ষার অর্থ শুধু হাই স্কুল শেষ করা নয়, প্রত্যেকের সঠিক পথ বেছে নেওয়ার জন্য সহায়তা প্রয়োজন, সেটা কলেজে ভর্তি হোক বা কোনো বাণিজ্যিক দক্ষতা শেখা।"
নিউইয়র্ক থেকে আরো পড়ুন