https://www.prothomalony.com/

15254

north-america

উত্তর আমেরিকা

ওহাইওর পার্টিতে বন্দুক হামলায় অন্তত ৯ জন আহত

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫ ০১:৫৪

নর্থইস্টার্ন ওহাইও অঙ্গরাজ্যের বাথ টাউনশিপে একটি ভাড়া নেওয়া বাড়িতে জন্মদিনের পার্টিতে গোলাগুলির ঘটনায় কমপক্ষে নয়জন আহত হয়েছেন। রোববার (২ নভেম্বর) ভোররাতে স্থানীয় সময় প্রায় ১২টা ১৫ মিনিটে ঘটনাটি ঘটে। এতে অন্তত নয়জন আহত হন এবং তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় পুলিশ প্রধান ভিটো সিনোপোলি জানান, একটি বড় পার্টি চলছিল, যা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছিল। পার্টিতে উপস্থিতদের বেশির ভাগই ছিলেন কিশোর–কিশোরী। বাড়িটি ‘এয়ারবিএনবি’র মাধ্যমে ভাড়া দেওয়া হয়েছিল, যা স্থানীয় জোনিং অধ্যাদেশ অনুযায়ী অনুমোদিত নয়।

অদলীয় সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, রোেবার পর্যন্ত এই বছর যুক্তরাষ্ট্রে এটি ছিল কমপক্ষে ৩৬৫তম গণ–গুলির ঘটনা। যেখানে চার বা ততোধিক ব্যক্তি হতাহত হন। যুক্তরাষ্ট্রে বারবার ঘটে যাওয়া এসব গণ–গুলির উচ্চ সংখ্যা অনেক মানুষকে আরও কার্যকর অস্ত্রনিয়ন্ত্রণের দাবি জানাতে উৎসাহিত করেছে। তবে কংগ্রেস এখনো এই বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক বা সক্ষম হয়নি।

রোববার সকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান সিনোপোলি জানান, আহতদের আঘাতের মাত্রা সম্পর্কে এখনো স্পষ্ট করে কিছু জানা যায়নি। তিনি আরও বলেন, আহত নয়জনের সবাই গুলিবিদ্ধ হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়—যেমন একজনের পায়ের আঘাত হয়তো পড়ে যাওয়ার কারণে হতে পারে।

তিনি জানান, কীভাবে গুলিবর্ষণ শুরু হয়েছিল বা কতজন গুলি চালিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি।

এক বিবৃতিতে এয়ারবিএনবি জানিয়েছে, তারা “অননুমোদিত ও বিঘ্ন সৃষ্টিকারী সমাবেশ” নিষিদ্ধ করে, এবং তারা অবিলম্বে সেই সম্পত্তির তালিকাভুক্তি স্থগিত করেছে ও বাড়িটি ভাড়া নেওয়া ব্যক্তির অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ২০২০ সালে বৈশ্বিক পার্টি নিষেধাজ্ঞা কার্যকর করার পর থেকে রিপোর্ট হওয়া পার্টির সংখ্যা ৫০ শতাংশ কমেছে।

কোম্পানিটি বলেছে, “বন্দুক–সহিংসতার এই নির্বোধ ঘটনায় আমরা মর্মাহত এবং আহত ব্যক্তি ও এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের সহানুভূতি রয়েছে।” তারা আরও জানিয়েছে, তারা পুলিশের তদন্তে সহযোগিতা করছে।

পুলিশ প্রধান সিনোপোলি জানান, ২০১৭ সালেও এই শহরে এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া নেওয়া আরেকটি বাড়িতে গোলাগুলির ঘটনা ঘটেছিল, যেখানে একজন ব্যক্তি পায়ে আঘাত পেয়েছিলেন। তিনি বলেন, তিনি সম্পত্তির মালিকের সঙ্গে গুলির ঘটনাটি নিয়ে কথা বলেছেন এবং শহরের স্বল্পমেয়াদি বাড়ি ভাড়া নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করেছেন। তিনি আরও বলেন, বাড়ি ভাড়া দেওয়া কোনো অপরাধ নয়, তবে এটি এলাকাভিত্তিক (জোনিং) নিয়ম লঙ্ঘনের মধ্যে পড়ে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন