https://www.prothomalony.com/
15024
north-america
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫ ১৮:২০
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির অপেক্ষায় থাকা আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী জুটির আলোচিত ছবি ‘নীলচক্র’ এবার পাড়ি দিচ্ছে উত্তর আমেরিকায়। আগামী ১৭ অক্টোবর শুক্রবার যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। পরিবেশনায় রয়েছে বায়োস্কপ ফিল্মস।
এর আগে গত কোরবানির ঈদে বাংলাদেশে মুক্তি পায় মিঠু খানের পরিচালিত ‘নীলচক্র’। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির সময় ছবিটি প্রত্যাশিত সাড়া না পেলেও, গল্প, অভিনয় ও প্রযুক্তিগত নির্মাণে ছবিটি আলোচনায় ছিল। এবার সেই ছবিই নতুন রূপে হাজির হচ্ছে প্রবাসী দর্শকের জন্য, বিশেষ করে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকোসহ উত্তর আমেরিকার বিভিন্ন শহরে।
বায়োস্কপ ফিল্মস ইতিমধ্যেই উত্তর আমেরিকায় অর্ধশতাধিক বাংলা ছবি প্রদর্শন করেছে। প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ জানান, “আমরা প্রথমে লাস ভেগাসে ‘নীলচক্র’-এর প্রিভিউ করি। ছবিটি দেখার পরই বুঝেছি এটি ভিন্নধর্মী কিছু। এরপরই সিদ্ধান্ত নিই ছবিটি আমরা বিপণনের দায়িত্ব নেবো। মন্দিরা চক্রবর্তী আমার মতে বাংলাদেশের পরবর্তী বড় তারকা হওয়ার সম্ভাবনা রাখেন। আর ছবির গল্প ও ভিজ্যুয়াল প্রেজেন্টেশন দর্শকদের মুগ্ধ করবে।”

অত্যাধুনিক প্রযুক্তি, মানুষের মানসিক নিয়ন্ত্রণ এবং ডিজিটাল ফাঁদ—এই তিনটি উপাদানকে ঘিরেই তৈরি হয়েছে ‘নীলচক্র’-এর কাহিনি। চিত্রনাট্য লিখেছেন পরিচালক মিঠু খান ও নাজিম উদ দৌলা। ছবিটি প্রযোজনা করেছেন এনায়েত আকবর। রহস্য, রোমাঞ্চ, এবং সামাজিক বার্তার মিশেলে তৈরি ছবিটি দর্শকদের একই সঙ্গে চিন্তাশীল ও বিনোদিত করবে বলে আশা প্রকাশ করেছেন নির্মাতা।
ছবির ওভারসিজ রিলিজ নিয়ে মন্দিরা চক্রবর্তী বলেন, “উত্তর আমেরিকার প্রবাসী দর্শক অনেকদিন ধরেই জানতে চাইছিলেন, ছবিটি কবে তারা দেখতে পাবেন। অবশেষে বায়োস্কপ ফিল্মসের মাধ্যমে মুক্তি পাচ্ছে ‘নীলচক্র’—এটা আমাদের জন্য আনন্দের খবর। ছবিটির গল্পে যেমন বিনোদন আছে, তেমনি আছে এক গভীর সামাজিক বার্তা।

‘নীলচক্র’-এর অফিসিয়াল প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর নিউইয়র্কের কিউ গার্ডেন সিনেমা হলে। প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ছবির নায়িকা মন্দিরা চক্রবর্তী, প্রযোজক ও বায়োস্কপ ফিল্মসের প্রতিনিধিরা।
ছবিটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।
দেশের সীমা ছাড়িয়ে প্রবাসী দর্শকের মন জয় করতে পারবে কিনা—এখন সেই অপেক্ষা ‘নীলচক্র’-এর।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন