https://www.prothomalony.com/
14980
north-america
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫ ০১:৫৭
আমেরিকান পর্বতারোহী বালিন মিলার (২৩) ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে এল ক্যাপিটান পর্বতে আরোহণের সময় প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তার মা জেনিন মুরম্যান।
মুরম্যান জানান, মিলার ‘সি অব ড্রিমস’ রুট দিয়ে প্রায় ৩ হাজার ফুট উঁচু এল ক্যাপিটানের চূড়ায় পৌঁছানোর চেষ্টা করছিলেন। তিনি লিখেছেন, ‘এটি অপ্রত্যাশিত এবং হৃদয়বিদারক। সব বিস্তারিত জানা না গেলেও আমরা জানি, পৃথিবী এক অসাধারণ প্রাণ হারাল।’
অল্প বয়স থেকেই পর্বতারোহণ শুরু করেছিলেন বালিন মিলার। আলাস্কার পর্বতে প্রাথমিক অভিজ্ঞতার পর তিনি বিশ্বের নানা পাহাড় ও চূড়ায় অভিযান চালিয়েছেন। সম্প্রতি তিনি আলাস্কার ডেনালি পর্বতে ‘স্লোভাক ডাইরেক্ট’ রুটে একক আরোহণ সম্পন্ন করেন।
পর্বতারোহী মহলে জনপ্রিয় মিলারকে সবাই চিনত ‘অরেঞ্জ টেন্ট গাই’ নামে। তার উজ্জ্বল ও খোলামেলা স্বভাবের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। টিকটকে প্রায়ই লাইভে এসে নিজের অভিযানের অভিজ্ঞতা শেয়ার করতেন।
মা মুরম্যান তাকে বর্ণনা করেছেন, ‘রবিন উইলিয়ামসের মতো প্রাণবন্ত, কৌতূহলী ও খেলাধুলায় দক্ষ।’ মিলার জীবনের বড় একটি সময় কাটিয়েছেন নিজের প্রিয় সাদা প্রিয়াস গাড়িতে, সীমিত আয় থেকে একমাত্র আগ্রহ—পর্বতারোহণ—চালিয়ে যেতে।
এল ক্যাপিটান বিশ্বের অন্যতম বিখ্যাত বড় দেয়াল পর্বতারোহণের স্থান। এখানেই অস্কারজয়ী প্রামাণ্যচিত্র ফ্রি সলোতে অ্যালেক্স হনল্ডকে রশি ছাড়াই আরোহণ করতে দেখা গিয়েছিল।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন