https://www.prothomalony.com/

14429

new-york

নিউইয়র্ক

স্টুডেন্ট লোন ও কলেজ সহায়তা কর্মসূচি; ১ বিলিয়ন ডলার সঞ্চয়ে সহায়তা

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫ ০২:৫৪

নিউইয়র্ক সিটি প্রথমবারের মতো শহরবাসীদের ঋণ ও সঞ্চয়ে সাহায্য করার একটি বড় কর্মসূচি চালু করেছে। বছরের শুরুতে, এক লাখ সরকারি কর্মচারীর জন্য শুরু করা এই ঋণ মওকুফ কর্মসূচিকে সম্প্রসারণ করে এবার তা পুরো সিটির সকল বাসিন্দাদের জন্য উন্মুক্ত করেছে। এতে করে কর্মজীবীরা এক বিলিয়ন ডলার পর্যন্ত ঋণ মওকুফ পেয়ে আর্থিক সুরক্ষা পেতে পারেন।

 

এ নিয়ে সোমবার (১১ আগস্ট ) কমিউনিটি অপ:এড-এ সিটি মেয়র এরিক অ‍্যাডামস্ বলেন, ‘কলেজ শিক্ষা নিউ ইয়র্কবাসীর জন্য সুযোগের দরজা খুলে দেয়, কিন্তু উচ্চ শিক্ষার ভারী আর্থিক বোঝা অনেকের জন্য দীর্ঘমেয়াদি ঋণের ফাঁদে ফেলেছে। শহরের অনেক কর্মচারী, যেমন শিনিকোয়া, দুই মাস্টার্স ডিগ্রি সত্ত্বেও ২ লাখ ৪০ হাজার ডলারের ঋণে আটকা পড়েছেন-যা স্বপ্ন পূরণের জন্য অযৌক্তিক মূল্য। অধিকাংশ নিউইয়র্কবাসীর পক্ষে এই পরিমাণ ঋণ কল্পনাতীত।’

 

অ‍্যাডামস্ জানান, এই পরিকল্পনার মাধ্যমে প্রায় ১.৪ মিলিয়ন মানুষ তাদের ঋণ কমাতে পারবে এবং মাসিক কিস্তিও হ্রাস পাবে। এছাড়া কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য বিশেষ সহায়তাও দেওয়া হবে, যা আরও ১.৬ মিলিয়ন মানুষকে উপকৃত করবে। একসাথে, এই উদ্যোগ ৩ মিলিয়ন কর্মজীবীকে বছরে গড়ে ৩ হাজার ডলার পর্যন্ত ঋণ কমাতে এবং ১ বিলিয়ন ডলার পর্যন্ত সঞ্চয় করতে সাহায্য করবে। যারা উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, তাদের জন্য এই সুবিধা আরও বেশি, বছরে গড়ে ৭ হাজর ডলার পর্যন্ত কিস্তি কমানো হবে।

 

এছাড়াও পরিবারের প্রতিটি সন্তানের কলেজ সঞ্চয়ে ১০ হাজার ডলার পর্যন্ত সঞ্চয় করার সুযোগ দেওয়া হবে। অতিরিক্তভাবে, সরকারি কর্মচারী এবং অলাভজনক খাতের কর্মচারীরা ফেডারেল পাবলিক সার্ভিস লোন ফরগিভনেস প্রোগ্রামের সুবিধা পেতে পারবেন, যার মাধ্যমে ১০ বছরের সেবা ও পেমেন্টের পর ঋণ মওকুফ হয়।

‌‍অ‍্যাডামস্ বলেন, ‘শহরের ভাঙা অর্থনীতির মাঝেও এই কর্মসূচি মানুষকে আমেরিকান স্বপ্নের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে।’ 

 

অ‍্যাডামস্ বলেন, ‘আমাদের প্রশাসনের মূল লক্ষ্য ছিল নিউ ইয়র্কবাসীর পকেটে আরও বেশি অর্থ ফিরিয়ে দেয়া। আমরা বাসস্থানের খরচ কমানো, আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিটের মাধ্যমে লক্ষ লক্ষ নিম্ন আয়ের মানুষের হাতে শত শত মিলিয়ন ডলার পৌঁছে দেয়া, পাবলিক হাউজিংয়ে বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ এবং ২০ বিলিয়ন ডলারের চিকিৎসা ঋণ বাতিলসহ নানা উদ্যোগ নিয়েছি। এছাড়া আলবানি সরকারের কাছে ট্যাক্স কমানোর দাবি জানিয়ে ৫ লাখ ৮২ হাজার মানুষের আয়কর কমিয়ে ৬৩ মিলিয়ন ডলার সঞ্চয় করেছি। এই সব মিলিয়ে আমরা নিউইয়র্কবাসীর পকেটে মোট ৩০ বিলিয়ন ডলার ফেরত দিয়েছি।’

 

একক মাতৃত্বে বড় হওয়া অনেকের মতো অ‍্যাডামস্ এর মা তিনটি কাজ করে পরিবার চালাতেন, তাই তিনি একটি উন্নত জীবনের জন্য সংগ্রামের কঠিন বাস্তবতা বুঝতে পারেন। 

তিনি বলেন, ‘সব নিউইয়র্কবাসীর অধিকার আছে এমন একটি শহরে বাস করার, যেখানে তারা এবং তাদের পরিবার ভালোভাবে এগোতে পারে। আমাদের ঋণ ও সঞ্চয় সাহায্যের কর্মসূচি এবং অন্যান্য 'মানি ইন ইয়োর পকেট' উদ্যোগ মিলিয়ে একটি সাশ্রয়ী ও ন্যায়সম্মত সমাজ গড়ার বড় পদক্ষেপ, যেখানে আমার মায়ের মতো পরিশ্রমী মানুষ আর অতিরিক্ত কষ্ট পাবে না।’

নিউইয়র্ক থেকে আরো পড়ুন