https://www.prothomalony.com/
14143
north-america
নিউজার্সিতে আকস্মিক বন্যায় প্রাণ গেল দু'জনের। সোমবার বিকেলে প্লেইনফিল্ড শহরের সিডার ব্রুকে পানির স্রোতে গাড়ি ভেসে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শহর কর্তৃপক্ষ জানায়, নিহত দু'জন একই গাড়িতে ছিলেন। এর আগে ৩ জুলাই একই শহরে প্রবল ঝড়ে আরও দু'জন প্রাণ হারান।
প্লেইনফিল্ডের মেয়র অ্যাড্রিয়ান ম্যাপ গভীর শোক প্রকাশ করে বলেন, এত অল্প সময়ের ব্যবধানে চারজন বাসিন্দাকে হারানো অকল্পনীয়। আমরা শোকাহত পরিবারগুলোর পাশে আছি। একইসঙ্গে জরুরি সেবা ব্যবস্থা আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এদিনই নর্থ প্লেইনফিল্ড এলাকায় পুলিশ সদস্যরা বুক সমান পানির মধ্যে হেঁটে প্রায় ৪০ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনেন। অনেক বাসা-বাড়ি এবং গাড়ি পানির তোড়ে ভেসে গেছে বলে স্থানীয় পুলিশ জানায়। প্রতিকূল পরিস্থিতির প্রেক্ষিতে নিউ জার্সির গভর্নর ফিল মারফি জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
এই ভয়াবহ বন্যার প্রভাব নিউইয়র্ক সিটিসহ ওয়েস্টচেস্টার কাউন্টি, ওয়াশিংটন ডিসি এবং ভার্জিনিয়ার বিভিন্ন এলাকায়ও ছড়িয়ে পড়ে। নিউইয়র্ক শহরের ২৮তম স্ট্রিট সাবওয়ে স্টেশনে পানি ঢুকে পড়ে, তবে মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে এবং গুরুতর কোনো আঘাতের খবর পাওয়া যায়নি।
সেন্ট্রাল পার্কে ঘণ্টায় ২.০৭ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা বিগত দুই দশকের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। অন্যদিকে, ভার্জিনিয়ার পিটার্সবার্গ শহরে সোমবার কিছু এলাকায় ১৮ ইঞ্চি পর্যন্ত পানি জমে যায়। প্রায় ৫০ জন বাসিন্দাকে অ্যাপার্টমেন্ট ভবন থেকে সরিয়ে নেওয়া হয়। শহরের মেয়র স্যাম পারহামও জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং নাগরিকদের ঘরে অবস্থান করতে অনুরোধ জানিয়েছেন।
এই বন্যায় সোমবার সারাদেশে ২ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। নিউ জার্সি ট্রানজিট এবং মেট্রো-নর্থ ট্রেন সার্ভিসে বড় ধরনের বিঘ্ন ঘটে। এদিকে টেক্সাসেও চলছে ভারী বৃষ্টিপাত। সেখানেও হিল কান্ট্রি অঞ্চলে ফ্ল্যাশ ফ্লাড সতর্কতা জারি রয়েছে।
দেশজুড়ে কয়েক কোটি মানুষ এখনো বন্যার ঝুঁকির মধ্যে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকতে এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন