https://www.prothomalony.com/

14056

north-america

উত্তর আমেরিকা

টিএসএর বড় সিদ্ধান্ত: আর খুলতে হবে না জুতা

প্রকাশ: ১০ জুলাই ২০২৫ ০৩:১৬

মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোর নিরাপত্তা চেকপয়েন্টে জুতা খোলার বাধ্যবাধকতা অবশেষে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ)। দীর্ঘ ১৯ বছর পর এই নিয়মে আসছে পরিবর্তন।

এবিসি নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, টিএসএর অভ্যন্তরীণ একটি নোটিশে বলা হয়েছে, আগামী রোববার (১৩ জুলাই) থেকেই যুক্তরাষ্ট্রের বেশির ভাগ প্রধান বিমানবন্দরে সাধারণ স্ক্রিনিং লাইনে থাকা যাত্রীদের জুতা খুলতে হবে না।

এর আগে কেবল টিএসএ প্রিচেক সুবিধাভোগীরা এ নিয়মের বাইরে থাকতেন। নতুন সিদ্ধান্তের ফলে ধাপে ধাপে সব যাত্রী এই সুবিধার আওতায় আসবেন।

তবে যেসব যাত্রীর দেহ স্ক্যানার বা ম্যাগনেটোমিটারে অ্যালার্ম বাজাবে, তাঁদের এখনো অতিরিক্ত তল্লাশির অংশ হিসেবে জুতা খোলার প্রয়োজন হতে পারে।

জুতা খোলার বাধ্যবাধকতা চালু হয় ২০০৬ সালে। এর পেছনে কারণ ছিল ২০০১ সালে এক আত্মঘাতী হামলার প্রচেষ্টা। সেবার ব্রিটিশ নাগরিক রিচার্ড রিড একটি ফ্লাইটে নিজের জুতায় বিস্ফোরক লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। যদিও বিস্ফোরণ ঘটেনি, তবে ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আসে।

টিএসএ বর্তমানে যাত্রীদের আরও দ্রুত, নির্বিঘ্নে নিরাপত্তা চেকপয়েন্ট অতিক্রমের সুযোগ দিতে দীর্ঘদিন ধরেই নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। জুতা খোলার নিয়ম তুলে নেওয়াকে সেই প্রচেষ্টার অংশ হিসেবেই দেখা হচ্ছে। যদিও টিএসএর পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন