https://www.prothomalony.com/
14047
north-america
প্রকাশ: ১০ জুলাই ২০২৫ ০১:৪১
যুক্তরাষ্ট্রজুড়ে চলতি গ্রীষ্মে টিক বা কীটপতঙ্গের কামড়ে আক্রান্ত হয়ে জরুরি বিভাগে রোগীর ভিড় বেড়েই চলেছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি জানিয়েছে, চলতি জুলাই মাসে ২০১৭ সালের পর সর্বোচ্চ টিক–বাইট–সংশ্লিষ্ট রোগী ভর্তি হয়েছে।
সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ১০ বছরের কম বয়সী শিশু ও ৭০ বছরের ঊর্ধ্বে প্রবীণরা। নিউইয়র্ক ট্রাই–স্টেট অঞ্চল—দক্ষিণ নিউইয়র্ক, কানেকটিকাট ও উত্তর নিউ জার্সিতে ঝুঁকি সবচেয়ে বেশি। ফোর্ডহ্যাম টিক ইনডেক্স বলছে, এই অঞ্চলের ঝুঁকি স্কোর ৯–এর মধ্যে ৯, যা ‘অত্যন্ত উচ্চ’ ঝুঁকির নির্দেশক।
সিডিসি বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে শীতকালে টিকের মৃত্যুহার কমে যাওয়ায় গ্রীষ্মে সংক্রমণ বাড়ছে। টিকের কামড়ে লাইম ডিজিজ, রকি মাউন্টেন স্পটেড ফিভারসহ নানা রোগ হতে পারে। সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, ঠান্ডা, মাথাব্যথা, ক্লান্তি ও পেশিতে ব্যথা। অনেক সময় ত্বকে র্যাশ বা ফুসকুড়িও দেখা দেয়।
প্রতি বছর মে মাসে সাধারণত টিক কামড়ের ঘটনা সবচেয়ে বেশি হয়। তবে এবার জুলাইতেই সংক্রমণের সংখ্যা উদ্বেগজনক হারে পৌঁছেছে।
সিডিসির পরামর্শ, বাইরে বের হলে ঝোপঝাড়, ঘন ঘাস ও পাতাভর্তি এলাকা এড়িয়ে চলতে হবে। হাঁটার সময় ট্রেইলের মাঝ বরাবর চলাফেরা করতে হবে। ডিইইটি বা পিকারিডিনযুক্ত ইনসেক্ট রেপেলেন্ট ব্যবহারের পাশাপাশি পারমেথ্রিন স্প্রে করা পোশাক ও গিয়ার ব্যবহার করতে হবে। সানস্ক্রিন ও রেপেলেন্ট একসঙ্গে ব্যবহার করতে হলে আগে সানস্ক্রিন, পরে রেপেলেন্ট লাগানো উচিত।
সিডিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো অঞ্চলই টিকের ঝুঁকি থেকে পুরোপুরি মুক্ত নয়। তাই সচেতনতা ও প্রতিরোধই হতে পারে একমাত্র সুরক্ষা।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন