https://www.prothomalony.com/
13638
new-york
প্রকাশ: ০৩ জুন ২০২৫ ০৫:৩৩
গ্রীষ্মের শুরুতেই নিউইয়র্ক সিটিতে ‘উই আউটসাইড সামার’ নামে একটি বিশেষ উদ্যোগ চালু হয়েছে। যার মাধ্যমে শহরকে নিরাপদ, সবুজ ও আনন্দময় গ্রীষ্ম কাটানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
মেয়র এরিক অ্যাডামস বলেন, আমরা চাই সবাই যেন বাইরে এসে নিরাপদে সময় কাটাতে পারে, খেলাধুলা করতে পারে এবং পরিবারসহ আনন্দ উপভোগ করতে পারে। এ লক্ষ্যে শহরের অব্যবহৃত ও পরিত্যক্ত জমিগুলোকে সবুজ উদ্যানে রূপান্তর করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে ব্রুকলিন ও কুইন্সের বিভিন্ন এলাকায়।
জানা গেছে, এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৮৬ একর জমিতে নতুন পার্ক তৈরি হয়েছে। যার ফলে ৮৪ শতাংশ নিউইয়র্কবাসী মাত্র ১০ মিনিট হাঁটলেই পার্কে পৌঁছাতে পারছেন। এছাড়া ২৩ মিলিয়ন ডলারের এক প্রকল্পের মাধ্যমে ৬টি 'নিউইয়র্ক সিটি হাউজিং অথোরিটি' কমপ্লেক্সে নতুন খেলার মাঠ ও উন্মুক্ত স্থান তৈরি সম্পন্ন হয়েছে।
শহর প্রশাসন গ্রীষ্মকালীন ছুটিতে তরুণদের সুরক্ষা এবং গঠনমূলক কাজে রাখার জন্য ১৩ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে। এছাড়াও ‘বিকন’, ‘কর্ণারস্টোন’ ও ‘স্যাটার্ডে নাইট লাইট’ প্রোগ্রামের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকায় তরুণদের জন্য নিরাপদ বিকল্প তৈরি করা হচ্ছে।
‘সামার রাইজিং’ কর্মসূচির আওতায় প্রতি বছর এক লাখ তরুণকে গ্রীষ্মকালীন চাকরির সুযোগ দেয়া হচ্ছে। যা তরুণদের নিরাপদ ও গঠনমূলক কাজে রাখতে সাহায্য করবে।
মেয়র অ্যাডামস বলেন, তরুণদের হাতে বন্দুক ওঠার আগেই আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। এই উদ্যোগ সেই চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন আশা জাগাচ্ছে।
নিউইয়র্কবাসী ও পর্যটকরা আশা করছেন, ‘উই আউটসাইড সামার’ উদ্যোগ শহরটিকে আরও বাসযোগ্য, নিরাপদ ও প্রাণবন্ত করে তুলবে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন