https://www.prothomalony.com/
13321
north-america
প্রকাশ: ০৭ মে ২০২৫ ০২:১৫
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস ২০২৬ অর্থবছরের জন্য ১১৫.১ বিলিয়ন ডলারের নির্বাহী বাজেটকে ‘সর্বকালের সেরা বাজেট’ হিসেবে আখ্যা দিয়েছেন। যা জননিরাপত্তা, আবাসন ও শিশুদের শিক্ষার ক্ষেত্রে শহরের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করবে বলে উল্লেখ করেন তিনি।
গত সপ্তাহে কুইন্সের বেসাইড হাই স্কুলে বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অ্যাডামস জানান, এ বাজেট শুধু সংখ্যার হিসাব নয়, বরং নগরবাসীর নিরাপত্তা, সাশ্রয়ী জীবনযাপন এবং উন্নত জীবনমান নিশ্চিত করতে একটি রূপরেখা।
প্রস্তাবিত বাজেটে শিশুদের যত্ন, আফটার-স্কুল প্রোগ্রাম, শিক্ষার মানোন্নয়ন, সিভিক শিক্ষা, এবং লাইব্রেরি ও কিউনি ব্যবস্থার জন্য ১.৪ বিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে। যার ৬৭৫ মিলিয়ন স্থায়ী। বাজেটের অংশ হিসেবে নিউইয়র্ক পুলিশ বিভাগে ১ হাজার ৫০০ সদস্যের নতুন ইউনিট গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া ইউনিফর্মধারী অফিসারের সংখ্যা ৩৫ হাজারে উন্নীত করা হবে।
শহরের ইতিহাসে সর্ববৃহৎ ১৭৩.৪ বিলিয়ন মূলধন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রাস্তা, সেতু, স্কুল, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, লাইব্রেরি এবং পরিবহন ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আবাসন সংকট মোকাবেলায় আগামী ১৫ বছরে ৮০ হাজার নতুন ইউনিট এবং ‘ম্যানহাটন প্ল্যান’র আওতায় ১ লাখ ইউনিট নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শ্রমজীবী মানুষের জীবনযাত্রা সহজ করতে বাজেটটি স্বাস্থ্যসেবা, ভাড়ার সহায়তা, ফোস্টার কেয়ার, গার্হস্থ্য সহিংসতার শিকারদের আশ্রয়সহ বিভিন্ন সামাজিক সেবায় প্রায় ৮৪০ মিলিয়ন ডলার অতিরিক্ত বরাদ্দ করেছে।
মেয়র অ্যাডামস জোর দিয়ে বলেন, কোনও পরিষেবা বা কর্মসূচি ছাঁটাই না করে। কর্মী ছাঁটাই না করে এবং কর না বাড়িয়েই আমরা ভারসাম্যপূর্ণ বাজেট পেশ করতে পেরেছি। আমাদের শক্তিশালী আর্থিক পরিকল্পনা ও রিজার্ভের কারণে যেকোনো ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন