https://www.prothomalony.com/

13250

north-america

উত্তর আমেরিকা

জনগণের সমর্থন হারাচ্ছেন এলন মাস্ক, ছাঁটাই নীতির বিরুদ্ধে প্রবল ক্ষোভ

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫ ০০:১১

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের হয়ে কাজ করা এলন মাস্কের প্রতি জনসমর্থন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এবিসি নিউজ, ওয়াশিংটন পোস্ট ও ইপসোসের যৌথ পরিচালিত এক সর্বশেষ সমীক্ষায় দেখা গেছে, মাত্র ৩৫ শতাংশ মার্কিন নাগরিক মাস্কের কাজের প্রতি সমর্থন জানিয়েছেন, যেখানে ৫৭ শতাংশ তার কার্যক্রমের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। ট্রাম্পের জনপ্রিয়তাও একই রকম নিম্নমুখী।

মাস্ক, যিনি 'ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি'র নেতৃত্ব দিচ্ছেন, মূলত ফেডারেল কর্মী ছাঁটাই এবং বিভিন্ন সংস্থা বন্ধের উদ্যোগের প্রধান সমন্বয়কারী। সমীক্ষা বলছে, ৫৬% উত্তরদাতা মনে করেন এই ছাঁটাই প্রক্রিয়া অতিরিক্ত মাত্রায় চলছে। বিশেষ করে শিক্ষা বিভাগ বন্ধ ও চিকিৎসা গবেষণার অর্থায়ন কমানোর মতো সিদ্ধান্তগুলির প্রতি ব্যাপক বিরোধিতা দেখা গেছে— যথাক্রমে ৬৬ শতাংশ  ও ৭৭ শতাংশ মানুষ এই সিদ্ধান্তগুলির বিপক্ষে মত দিয়েছেন।

এমনকি ওয়েস্ট বা অপচয় কমানোর প্রশ্নেও বিভক্তি স্পষ্ট। যারা মনে করেন সরকারি অপচয় কমেছে, তাদের মধ্যে ৬৭ শতাংশ মাস্ককে সমর্থন করেছেন। তবে যারা মনে করেন অপচয় বা দুর্নীতি কমেনি, তাদের মাত্র ১০ শতাংশ মাস্কের কাজের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

দলীয় বিভাজনও এই জনপ্রিয়তার পার্থক্যের একটি বড় কারণ। মাত্র ৪ শতাংশ ডেমোক্র্যাট এবং ৩২ শতাংশ স্বতন্ত্র ভোটার মাস্কের কাজকে সমর্থন করেছেন, যেখানে রিপাবলিকানদের মধ্যে তার সমর্থন ৭৩ শতাংশ।

এদিকে ট্রাম্পেরও ১০০ দিনের মধ্যে সর্বনিম্ন জনপ্রিয়তা রেকর্ড করা হয়েছে। সমীক্ষা অনুযায়ী, যাঁরা ট্রাম্পের কাজের প্রতি সন্তুষ্ট, তাঁদের ৮০ শতাংশ মাস্কের কার্যক্রমকেও সমর্থন করেছেন। বিপরীতে, ট্রাম্পের সমালোচকদের মধ্যে মাত্র ৫ শতাংশ মাস্কের পক্ষে মত দিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি টেসলার আয় ৯ শতাংশ হ্রাস পেয়েছে এবং কোম্পানির মুনাফা ৭১ শতাংশ কমেছে। এরই পরিপ্রেক্ষিতে মাস্ক ঘোষণা দিয়েছেন, আগামী মাসগুলিতে তিনি সরকারী ভূমিকা কমিয়ে দেবেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন