https://www.prothomalony.com/

13235

north-america

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে বিচারকের বিরুদ্ধে ৬ বছরের কারাদণ্ডের আশঙ্কা, কোর্টরুম নাটকে তোলপাড়

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫ ০১:২০

মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে অনথিভুক্ত এক অভিবাসীকে পালাতে সহায়তার অভিযোগে মিলওয়াকি কাউন্টি সার্কিট কোর্টের বিচারক হ্যানা ডুগানকে গ্রেপ্তার করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। শুক্রবার এফবিআইয়ের উন্মুক্ত করা একটি অভিযোগপত্রের মাধ্যমে এ ঘটনা প্রকাশ্যে আসে।

অভিযোগে বলা হয়েছে, গত ১৮ এপ্রিল মিলওয়াকি কাউন্টি কোর্টহাউসে একটি মামলার শুনানির সময় বিচারক ডুগান ইচ্ছাকৃতভাবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টদের বিভ্রান্ত করে অভিযুক্ত অনথিভুক্ত অভিবাসী এদুয়ার্দো ফ্লোরেস রুইজ এবং তার আইনজীবীকে আদালত কক্ষের পেছনের জুরি দরজা দিয়ে বের করে দেন। ফলে রুইজ আইসিই এজেন্টদের গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হন। তবে পরে কোর্টহাউসের কাছাকাছি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, বিচারক ডুগানের এই বাধাদান জনসাধারণের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করেছে।

অন্যদিকে, বিচারক ডুগানের আইনজীবী ক্রেইগ মাস্তান্তুনো আদালতে জানান, বিচারক ডুগান মনে করেন তার সিদ্ধান্ত জনসুরক্ষার স্বার্থে ছিল এবং তিনি গ্রেপ্তারের বিরোধিতা করেন।

বিচারক ডুগানকে পূর্ব উইসকনসিন জেলা আদালতে হাজির করা হলে তাকে নিজের স্বীকৃতির ভিত্তিতে জামিনে মুক্তি দেওয়া হয়। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম বাধাগ্রস্ত করার দুটি অভিযোগ আনা হয়েছে, প্রতিটি অভিযোগের সর্বোচ্চ শাস্তি ছয় বছরের কারাদণ্ড।

জানা গেছে, অভিযুক্ত এদুয়ার্দো ফ্লোরেস রুইজ এর বিরুদ্ধে ইতিমধ্যে ব্যাটারি ও গার্হস্থ্য সহিংসতার তিনটি মামলা রয়েছে। যার শুনানির জন্যই তিনি ওই দিন আদালতে উপস্থিত ছিলেন।

ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন