https://www.prothomalony.com/
13234
north-america
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫ ০১:১৩
যুক্তরাষ্ট্রের বাজারে ব্যাপক জনপ্রিয় চীনা ই-কমার্স প্ল্যাটফর্ম শেইন ও টেমু থেকে তাদের পণ্যের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন শুল্ক নীতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠান দুটি।
চলতি মাসের শুরুতেই একযোগে প্রকাশিত এক বিবৃতিতে তারা জানায়, সম্প্রতি বিশ্বব্যাপী বাণিজ্যনীতিতে পরিবর্তনের ফলে আমাদের পরিচালন ব্যয় বেড়ে গেছে। প্রিয় গ্রাহকদের মানসম্মত পণ্য সরবরাহ বজায় রাখতে আমাদের মূল্য সমন্বয় করতে হচ্ছে।
মূলত এপ্রিলের ২ তারিখে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত লিবারেশন ডে ট্যারিফের ফলে চীনা পণ্যে শুল্কহার ১৪৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে বন্ধ হয়েছে 'ডি মিনিমিস' নামে পরিচিত সেই বিধান। যার আওতায় ৮০০ ডলারের কম মূল্যের পণ্য শুল্কমুক্তভাবে আমদানি করা যেতো। ফলে কম খরচে অনলাইনে পণ্য কিনে ফেলার সুবিধা অনেকটাই সীমিত হয়ে গেছে।
এই পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়ায় চীনও ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর। যদিও উভয় দেশের পক্ষ থেকে আলোচনার আগ্রহ প্রকাশ করা হয়েছে। বাস্তব চিত্র বলছে—উল্লেখযোগ্য কোনো বাণিজ্য সংলাপ এখনও শুরু হয়নি। ট্রাম্প যেখানে দাবি করেছেন, আলোচনা চলছে, সেখানে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একে মিথ্যা খবর হিসেবে উড়িয়ে দিয়েছে।
টেমু মূলত চীনা জায়ান্ট পিনডুডুওর মার্কিন শাখা। যা প্রতি মাসে ৭৫০ মিলিয়নের বেশি ব্যবহারকারীর কাছে সস্তা দামে নানা ধরনের পণ্য সরবরাহ করে থাকে। আর শেইন একটি জনপ্রিয় ফাস্ট-ফ্যাশন ব্র্যান্ড। যারা যুক্তরাষ্ট্রজুড়ে চীনে তৈরি পোশাক সরবরাহ করে থাকে।
শুধু শেইন ও টেমুই নয়, বেস্ট বাই, নিনটেনডো, অটোজোন, ফেরারি এবং হারমেসের মতো আরও অনেক কোম্পানি ইতোমধ্যেই ট্রাম্পের নতুন শুল্কের ফলে মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন