https://www.prothomalony.com/

13233

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে কনজেশন প্রাইসিং বাতিলে গুরুতর আইনি ঝুঁকি, বিস্ফোরক তথ্য ফাঁস

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫ ০৯:০৮

নিউইয়র্ক সিটির কনজেশন প্রাইসিং বাতিলের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ আইনি ঝুঁকি রয়েছে বলে মার্কিন বিচার বিভাগের (ডিওজে) একটি ভুলবশত দাখিল করা নথিতে উঠে এসেছে।

গত বুধবার রাতে ভুলক্রমে দাখিল করা ১১ পৃষ্ঠার একটি চিঠিতে বিচার বিভাগের নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের আইনজীবীরা মার্কিন পরিবহন দপ্তরের সচিব শন ডাফির সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। চিঠিতে উল্লেখ করা হয়, এই সিদ্ধান্ত আদালতে টিকে থাকার সম্ভাবনা খুবই কম এবং এটি প্রশাসনিক প্রক্রিয়া আইনের পরিপন্থী, অযৌক্তিক ও প্রহসনমূলক।

চিঠিতে বলা হয়েছে, সচিব ডাফির দুটি প্রধান যুক্তি কনজেশন টোল শুধুমাত্র রাজস্ব বাড়ানোর উদ্দেশ্যে চালু হয়েছে এবং এতে টোল-মুক্ত বিকল্প নেই। এই যুক্তিগুলো আদালতে গ্রহণযোগ্য নয় বলে মত দিয়েছেন ডিওজের আইনজীবীরা।

তবে বিকল্প হিসেবে  ডিওজে আইনজীবীরা সুপারিশ করেছেন, কনজেশন প্রাইসিং বাতিলের পক্ষে 'প্রশাসনিক অগ্রাধিকারের পরিবর্তন' সংক্রান্ত ওএমবি (অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট) এর বিধিমালাকে ব্যবহার করা যেতে পারে।

বৃহস্পতিবার সকালে বিচারকের কাছে দাখিল করা এক চিঠিতে ডিওজে কর্তৃপক্ষ স্বীকার করে, এটি স্পষ্টতই ভুলবশত দাখিল হয়েছে। তারা ওই নথি স্থায়িভাবে সিল করার আবেদন জানিয়েছে। মার্কিন অ্যাটর্নির মুখপাত্র নিকোলাস বায়াসে এক বিবৃতিতে বলেন, এটি একটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও মানবিক ভুল। তাৎক্ষণিকভাবে সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, জানুয়ারি মাসে শুরু হওয়া এই কনজেশন প্রাইসিং প্রোগ্রামটি যুক্তরাষ্ট্রে প্রথম। যার আওতায় প্রতিদিন পিক আওয়ারে ম্যানহাটনের ৬০তম স্ট্রিটের নিচে ঢোকার জন্য যাত্রীবাহী যানবাহনে ৯ ডলার, ছোট ট্রাক ও চার্টার বাসে ১৪ দশমিক ৪০ ডলার এবং বড় ট্রাক ও ট্যুর বাসে ২১ দশমিক ৬০ ডলার টোল নির্ধারণ করা হয়েছে।

কিন্তু ফেব্রুয়ারিতে ক্ষমতায় এসে ট্রাম্প প্রশাসন এই প্রোগ্রাম বাতিল করে। যার পর মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি (এমটিএ) আদালতে মামলাও করে। মামলায় বলা হয়েছে, এই বাতিলের সিদ্ধান্ত অবৈধ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং নিউইয়র্কবাসীর স্বার্থের পরিপন্থী।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন