https://www.prothomalony.com/

13213

north-america

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে খাদ্য নিরাপত্তা জোরদার: নিষিদ্ধ হচ্ছে কৃত্রিম রঙ

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫ ০৩:৫০

২২ এপ্রিল যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়র দেশজুড়ে কৃত্রিম খাদ্য রঙ ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন। আগামী মঙ্গলবার (২৩ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে এই ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে তার দফতর।
মঙ্গলবারের এই ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের খাদ্য সরবরাহে ব্যবহৃত আটটি কৃত্রিম রঙ ধাপে ধাপে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হবে। আগামী দুই বছরের মধ্যে এই রঙগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে বলে জানা গেছে। এর ফলে সিরিয়াল, আইসক্রিম, স্ন্যাকস, দই ও অন্যান্য খাদ্যপণ্য থেকে এই কৃত্রিম উপাদানগুলি সরিয়ে নেওয়া হবে।
এর আগে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন 'রেড নং ৩' নামের একটি কৃত্রিম রঙ নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছিল, যেটি ২০২৭ সালের জানুয়ারির মধ্যে খাদ্য এবং ২০২৮ সালের মধ্যে ওষুধ থেকে সরিয়ে নেওয়া হবে। গবেষণায় দেখা গেছে, এই রঙটি ইঁদুরের মধ্যে ক্যানসার সৃষ্টি করতে পারে।
কেনেডি এবার আরও আটটি পেট্রোলিয়াম-ভিত্তিক রঙ নিষিদ্ধ করতে যাচ্ছেন, যা এখনও এফ-ডি-এ (ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন) অনুমোদিত রয়েছে। পাশাপাশি, প্রাকৃতিক রঙের অনুমোদন দেওয়ার দিকেও অগ্রসর হবেন বলে একটি অভ্যন্তরীণ সূত্র নিশ্চিত করেছে।
যদিও এই নিষেধাজ্ঞা কার্যকর করার প্রক্রিয়া এখনো নির্ধারিত হয়নি, তবে ধারণা করা হচ্ছে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে এই সময়ের মধ্যেই নিজেদের পণ্য থেকে কৃত্রিম রঙ অপসারণে বাধ্য করা হবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের বহু খাবারে এই ধরনের কৃত্রিম রঙ ব্যবহৃত হয়, যার মধ্যে রয়েছে শিশুদের প্রিয় ক্যান্ডি, সিরিয়াল, এমনকি ওষুধও। গবেষণায় দেখা গেছে, এসব রঙ খাবারের প্রতি আগ্রহ বাড়াতে পারে এবং শিশুদের মধ্যে অতিরিক্ত চঞ্চলতা বা আচরণগত সমস্যা সৃষ্টি করতে পারে।
অনেক দেশ ইতোমধ্যেই এসব রঙ নিষিদ্ধ করেছে কিংবা প্যাকেজিং-এ সতর্কবার্তা সংযুক্ত করেছে। ক্যালিফোর্নিয়া ও ওয়েস্ট ভার্জিনিয়া ইতোমধ্যে স্কুল লাঞ্চ থেকে কৃত্রিম রঙ নিষিদ্ধ করেছে, যেখানে ওয়েস্ট ভার্জিনিয়ায় এই নিষেধাজ্ঞা আগস্ট থেকে কার্যকর হবে।
এছাড়া আরও ২৬টি রাজ্য কৃত্রিম খাদ্য উপাদান নিষিদ্ধ করার বিষয়ে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে। ২০২১ সালে ক্যালিফোর্নিয়ার পরিবেশগত স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন অফিস (সিইএইচএইচএ) পরিচালিত একটি গবেষণায় দেখা যায়, কিছু রঙ শিশুদের স্নায়ুবিষয়ক আচরণে প্রভাব ফেলতে পারে এবং FDA'র নির্ধারিত নিরাপদ গ্রহণ মাত্রা শিশুদের জন্য যথেষ্ট নয়।
রবার্ট এফ. কেনেডি জুনিয়রের এই উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন, কারণ এটি শিশুদের স্বাস্থ্যরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন