https://www.prothomalony.com/

13209

north-america

উত্তর আমেরিকা

মুনাফা হারাল টেসলা, নেতৃত্ব নিয়ে প্রশ্নের মুখে মাস্ক; বিশ্লেষকদের উদ্বেগ

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫ ০২:৫৯

বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়া ইলন মাস্কের নেতৃত্বাধীন টেসলা চলতি বছরের প্রথম প্রান্তিকে ৭১ শতাংশ মুনাফা হারিয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) প্রকাশিত কোম্পানির আয় বিবরণীতে এ তথ্য জানা যায়, যা বিশ্লেষকদের পূর্বাভাসের তুলনায় অনেকটাই হতাশাজনক।

আর্থিক প্রতিবেদনে জানানো হয়েছে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত টেসলার মোট আয় ছিল ১৯ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ কম। একই সময়ে গাড়ি বিক্রি থেকে প্রাপ্ত রাজস্ব ২০ শতাংশ হ্রাস পেয়েছে। গত বছরের তুলনায় গাড়ি ডেলিভারির পরিমাণও কমেছে ১৩ শতাংশ।

বিশ্লেষকদের মতে, এই আর্থিক ধসের পেছনে অন্যতম বড় কারণ হলো ইলন মাস্কের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ভূমিকা গ্রহণ। মাস্ক বর্তমানে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) প্রধান হিসেবে কাজ করছেন, যা টেসলার ক্রেতা ও বিনিয়োগকারীদের একাংশের মধ্যে তীব্র বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। এই পদে মাস্কের মেয়াদ শেষ হবে আগামী মাসে।

বিশ্বব্যাপী টেসলা শোরুমগুলোর সামনে বিক্ষোভ চলছে, যার প্রভাব পড়েছে কোম্পানির বাজারমূল্যে। ডিসেম্বরের সর্বোচ্চ দামের তুলনায় টেসলার শেয়ারের দাম অর্ধেকেরও নিচে নেমে গেছে।

টেসলা জানিয়েছে, রাজনৈতিক মনোভাবের পরিবর্তন ও বর্তমান শুল্কনীতি কোম্পানির বিক্রয় ও উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। ‘বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার উপর ট্রেড পলিসির দ্রুত পরিবর্তন চাপ সৃষ্টি করছে, যা কেবল টেসলা নয়, আমাদের প্রতিযোগীদেরও ক্ষতিগ্রস্ত করছে।’ -বলা হয়েছে কোম্পানির বিবৃতিতে।

চীনা কোম্পানি বিওয়াইডির মতো প্রতিদ্বন্দ্বীরা বাজারে আধিপত্য বিস্তার করছে, যারা স্বল্পমূল্যে উন্নত স্বয়ংচালিত প্রযুক্তি আনছে। বিওয়াইডি সম্প্রতি ঘোষণা করেছে যে তারা মাত্র ৯ হাজার ৬০০ ডলার মূল্যের গাড়িতে স্বয়ংচালিত প্রযুক্তি যুক্ত করবে।

নতুন আশার নাম ‘রোবোট্যাক্সি’?

টেসলা আগামী জুনে টেক্সাসের অস্টিনে তাদের স্বয়ংচালিত ‘রোবোট্যাক্সি’ পরীক্ষামূলকভাবে চালু করার পরিকল্পনা ঘোষণা করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, ‘বর্তমান আর্থিক ও ভাবমূর্তির সংকটে এই নতুন উদ্যোগ কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে।’

বিনিয়োগকারীদের একাংশ ইতোমধ্যে মাস্ককে হোয়াইট হাউসের দায়িত্ব ছেড়ে টেসলার পূর্ণকালীন নেতৃত্বে ফিরে আসার আহ্বান জানিয়েছে।

‘ওয়েডবুশ’-এর গবেষণা পরিচালক ড্যান আইভস বলেন, ‘এটি টেসলার জন্য একটি মোড় পরিবর্তনের সময়।’

টেসলার বোর্ড সদস্য এবং নির্বাহীরা সম্প্রতি ১০০ মিলিয়ন ডলারের বেশি শেয়ার বিক্রি করেছেন, যা কোম্পানির অভ্যন্তরীণ উদ্বেগের ইঙ্গিত দেয়।

বিশ্লেষক গর্ডন জনসন মন্তব্য করেছেন, ‘টেসলা এখন একই সঙ্গে আর্থিক, পরিচালনাগত ও ভাবমূর্তির সংকটে পড়েছে। কোম্পানিটি কি অস্তিত্ব সংকটে?’

মাস্কের ভবিষ্যৎ পরিকল্পনা এবং কোম্পানির কৌশল নিয়ে আগামী দিনের বিশ্লেষক সম্মেলনে নানা প্রশ্ন উঠতে পারে।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন