https://www.prothomalony.com/

13197

north-america

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রের খাদ্যে পেট্রোলিয়ামভিত্তিক রং নিষিদ্ধ করতে এইচএইচএস ও এফডিএর উদ্যোগ

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫ ০১:১০

যুক্তরাষ্ট্রের হেল্থ এন্ড হিউম‍্যান সার্ভিস (এইচএইচএস) এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) জাতীয় খাদ্য সরবরাহ থেকে সব পেট্রোলিয়ামভিত্তিক সিন্থেটিক রং সরিয়ে ফেলার জন্য নতুন কিছু পদক্ষেপ ঘোষণা করেছে, যা প্রশাসনের বৃহত্তর উদ্যোগ ‘মেইক আমেরিকা হেলদি এগেইন’-এর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মঙ্গলবার (২২ এপ্রিল) এ ঘোষণা দেওয়া হয়। এর কারণ, অনেক দিন ধরেই কিছু খাদ্য উৎপাদনকারী আমেরিকানদের না জানিয়ে বা সম্মতি ছাড়াই পেট্রোলিয়ামভিত্তিক রাসায়নিক খাওয়াচ্ছে, যা শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ‍্যের ঝুঁকির কারণ হতে পারে।

এ নিয়ে এইচএইচএসের সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেন, ‘এই বিষাক্ত উপাদানগুলোর কোনো পুষ্টিগুণ নেই। বরং এগুলো আমাদের শিশুদের স্বাস্থ্য ও মানসিক বিকাশের জন্য বাস্তব ও পরিমাপযোগ্য ক্ষতির ঝুঁকি তৈরি করছে। সেই যুগ শেষ হতে চলেছে। আমরা আবার বৈজ্ঞানিক মানদণ্ড পুনঃপ্রতিষ্ঠা করছি, সাধারণ বুদ্ধি প্রয়োগ করছি এবং জনগণের আস্থা ফিরে পাওয়ার পথ নিচ্ছি। আর আমরা তা করছি খাদ্য শিল্পের সঙ্গে একযোগে কাজ করে, আমাদের পরিবারের প্রতিদিনের খাদ্য থেকে এই বিষাক্ত রংগুলো অপসারণের মাধ্যমে।’

 
এই পদক্ষেপগুলো গ্রহণে এফডিএ খাদ্য শিল্পের জন্য পেট্রোকেমিক্যালভিত্তিক রং থেকে প্রাকৃতিক বিকল্পে পরিবর্তন আনার জন্য একটি জাতীয় মান এবং সময়সীমা স্থাপন করবে। আগামী মাসগুলোর মধ্যে দুইটি সিন্থেটিক খাদ্য রং- সিট্রাস রেড নম্বর টু এবং ওরেঞ্জ বি’-এর অনুমোদন বাতিল করার প্রক্রিয়া শুরু করবে। এফডিএন্ডসি-গ্রিন নম্বর ৩, এফডিএন্ডসি-রেড নম্বর ৪০, এফডিএন্ডসি-ইয়েলো নম্বর ৫, এফডিএন্ডসি-ইয়েলো নম্বর ৬, এফডিএন্ডসি-ব্লু নম্বর ১ এবং এফডিএন্ডসি-ব্লু নম্বর ২- এই ছয়টি সিন্থেটিক রং খাদ্য সরবরাহ থেকে আগামী বছরের শেষের মধ্যে সরিয়ে ফেলার জন্য শিল্পের সঙ্গে কাজ করবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চারটি নতুন প্রাকৃতিক রং যোগ করবে এবং অন্যান্য রংগুলোর পর্যালোচনা ও অনুমোদনের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। শিশুদের স্বাস্থ্য এবং বিকাশের উপর খাদ্য সংযোজনের প্রভাব নিয়ে ব্যাপক গবেষণা চালানোর জন্য জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের (এনআইএইচ) সঙ্গে অংশীদারি করবে এবং খাদ্য কোম্পানিগুলোর কাছে এফডিএন্ডসি রেড নম্বর ৩-সরানোর জন্য ২০২৭-২০২৮’-এর আগে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করবে।

এফডিএ দ্রুত গতিতে পর্যালোচনা করছে ক্যালসিয়াম ফসফেট, গালডিরিয়া এক্সট্র্যাক্ট ব্লু, গার্ডেনিয়া ব্লু, বাটারফ্লাই পি ফ্লাওয়ার এক্সট্র্যাক্ট এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান- যেগুলো সিনথেটিক খাদ্য রঙের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে। সংস্থাটি শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য নির্দেশিকা জারি ও নিয়ন্ত্রণমূলক নমনীয়তা প্রদানের দিকেও পদক্ষেপ নিচ্ছে।

এফডিএর কমিশনার মার্টি মাকারি বলেন, ‘আজ এফডিএ খাদ্য কোম্পানিগুলোকে অনুরোধ করছে, যেন তারা আমেরিকান শিশুদের জন্য পেট্রোকেমিক্যাল রংয়ের পরিবর্তে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে- যেমনটা তারা ইতোমধ্যেই ইউরোপ ও কানাডায় করছে।’

তিনি আরো বলেন, ‘শৈশবকালীন ডায়াবেটিস, স্থূলতা, বিষণ্ণতা এবং এডিএইচডি আমাদেরকে একটি নতুন মহামারির মুখোমুখি করছে। পেট্রোলিয়ামভিত্তিক খাদ্য রঙের সম্ভাব্য প্রভাব নিয়ে চিকিৎসক ও অভিভাবকদের উদ্বেগ বাড়ছে- এই প্রেক্ষাপটে আমরা কোনো ঝুঁকি নিতে পারি না, আমাদের যা কিছু করা সম্ভব, তা-ই করতে হবে শিশুদের স্বাস্থ্য রক্ষায়।’

এনআইএইচের নিউট্রিশন রেগুলেটরি সায়েন্স অ্যান্ড রিসার্চ প্রোগ্রামের সঙ্গে অংশীদারিত্বে, এফডিএ পুষ্টি ও খাদ্য সম্পর্কিত গবেষণা আরও জোরদার করবে বলে জানায়, যাতে নিয়ন্ত্রণমূলক সিদ্ধান্তগুলো আরও তথ্যভিত্তিকভাবে গ্রহণ করা যায়। এই সহযোগিতা এফডিএর ক্ষমতা বৃদ্ধি করবে, যেন তারা প্রমাণভিত্তিক খাদ্যনীতি প্রণয়ন করতে পারে, একটি সুস্থ আমেরিকা গড়ে তুলতে সহায়তা করতে পারে এবং ‘মেইক আমেরিকা হেলদি এগেইন’ কমিশনের অগ্রাধিকারগুলোকে এগিয়ে নিতে পারে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন