https://www.prothomalony.com/

13161

north-america

উত্তর আমেরিকা

বাড়ি কেনায় নতুন চাপ, ৩০ বছরের মর্টগেজ হার বেড়ে ৬.৮৩%

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫ ০২:২১

যুক্তরাষ্ট্রে ৩০ বছরের নির্দিষ্ট হারে মর্টগেজ ঋণের গড় সুদের হার বেড়ে দাঁড়িয়েছে ৬.৮৩ শতাংশে। যা গত আট সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। মর্টগেজ বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ফ্রেডি ম্যাক বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করে। এর আগের সপ্তাহে এই হার ছিল ৬.৬২ শতাংশ। যদিও এক বছর আগের তুলনায় হারটি কিছুটা কম, তখন ছিল ৭.১ শতাংশ।

এই ঊর্ধ্বগতি যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে বসন্তকালীন কেনাবেচা মৌসুমের জন্য এক বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। সাধারণত এ সময় বহু মানুষ নতুন বাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন। তবে সুদের হার বাড়ায় অনেক ক্রেতা হয়তো এখন আরও সতর্ক হয়ে পড়বেন।

এছাড়া ১৫ বছরের নির্দিষ্ট হারে মর্টগেজ ঋণের গড় হারও বেড়ে দাঁড়িয়েছে ৬.০৩ শতাংশে। যেখানে গত সপ্তাহে ছিল ৫.৮২ শতাংশ। এই হার সাধারণত পুনঃঅর্থায়নের (রিফাইন্যান্সিং) জন্য ব্যবহৃত হয়ে থাকে। গত বছরের একই সময়ে এ হার ছিল ৬.৩৯ শতাংশ।

বিশ্লেষকদের মতে, মর্টগেজ হারে এই বৃদ্ধি একাধিক অর্থনৈতিক ইস্যুর প্রতিফলন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ১০ বছরের ট্রেজারি বন্ডে বৈশ্বিক চাহিদা, ফেডারেল রিজার্ভের সুদনীতি, এবং ভবিষ্যতের মুদ্রাস্ফীতির প্রত্যাশা। ১০ বছরের ট্রেজারি ইয়িল্ড সম্প্রতি বেড়ে দাঁড়িয়েছে ৪.৩২ শতাংশে, যা বছরের শুরুতে তুলনামূলক কম ছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক শুল্কনীতি ও সরকারের বন্ড বিক্রির চাপে বিনিয়োগকারীদের মাঝে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে এই হারের ওপর।

এই পরিস্থিতিতে যেসব ব্যক্তি বাড়ি কেনার কথা ভাবছেন, তাদের ঋণের খরচ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে আবাসন বাজারে সাময়িক স্থবিরতাও দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন