https://www.prothomalony.com/
13139
north-america
ডালাসের উইলমার-হাচিন্স হাই স্কুলে গুলিবর্ষণে চারজন শিক্ষার্থী আহত হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গুলিবর্ষণের এই ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় ডালাস ইন্ডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট (ডিআইএসডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সন্দেহভাজন আটকের তথ্য জানায়।
ডালাস পুলিশ বিভাগের সহকারী প্রধান ক্রিস্টিনা স্মিথ জানান, প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে, এটি শিক্ষার্থীদের মধ্যকার দ্বন্দ্বের ফল এবং সক্রিয় বন্দুকধারীর ঘটনা নয়।
এদিকে ঘটনার সময় স্কুল প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একজন সিনিয়র শিক্ষার্থী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, "দুপুরের দিকে কয়েকটি গুলির শব্দ শুনি। হঠাৎ সবাই দৌঁড়াতে শুরু করি, চিৎকার শুনি, এরপর আমি ব্যান্ড রুমে গিয়ে আশ্রয় নিই। আহত চারজন শিক্ষার্থীকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
সহকারী প্রধান স্মিথ আরও জানান, অস্ত্রটি নিয়মিত স্কুলে প্রবেশের সময় ধরা পড়েনি। "এটি আমাদের কর্মী, প্রোটোকল বা নিরাপত্তা যন্ত্রের কোনো ব্যর্থতা নয়," বলেন তিনি, তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি।
ডালাস স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট স্টেফানি এলিজালদে এক সংবাদ সম্মেলনে জানান, স্কুল চলতি সপ্তাহে বন্ধ থাকবে এবং শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য পরামর্শদাতা রাখা হবে।
তিনি বলেন, "আজ যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা আমাদের সকলের জন্যই বেদনাদায়ক। এই ধরনের ঘটনা যেন আমাদের কাছে পরিচিত হয়ে উঠছে, অথচ এটি কখনোই স্বাভাবিক হওয়া উচিত ।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক বিবৃতিতে জানান, তিনি স্কুল কর্তৃপক্ষকে সর্বাত্মক সহায়তার প্রস্তাব দিয়েছেন এবং দোষীদের বিচারের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।
তিনি বলেন, "উইলমার-হাচিন্স হাই স্কুলে সংঘটিত এই বোধগম্যহীন সহিংসতার শিকারদের প্রতি আমাদের হৃদয়বিদারক সমবেদনা।"
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় জনগণ।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন