https://www.prothomalony.com/
13138
north-america
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫ ০১:০৭
টেক্সাসের পশ্চিমাঞ্চলে হাম সংক্রমণ ভয়াবহ আকার নিচ্ছে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬১ জনে। গত পাঁচ দিনে নতুন করে শনাক্ত হয়েছে ২০ জন। সংক্রমিতদের বড় অংশই শিশু ও কিশোর, যাদের বয়স ৫ থেকে ১৭ বছরের মধ্যে।
ভ্যাকসিন না নেওয়াই প্রধান কারণ: টেক্সাস স্টেট ডিপার্টমেন্ট অব হেলথ সার্ভিসেস (ডিএসএইচএস) জানায়, অধিকাংশ সংক্রমিতই অটিকৃত ভ্যাকসিনহীন বা ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্য অজানা। মাত্র ৪ জন আক্রান্ত ব্যক্তি এক ডোজ এমএমআর (হাম, মাম্পস, রুবেলা) ভ্যাকসিন নিয়েছেন, আর ৭ জন নিয়েছেন দুই ডোজ। এখন পর্যন্ত ৫৮ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গেইন্স কাউন্টি, যা নিউ মেক্সিকোর সীমান্তবর্তী, সেখানে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা—৩৬৪ জন। ইতোমধ্যে দুই শিশুর মৃত্যু হয়েছে, যারা উভয়েই স্কুলে পড়তো এবং ভ্যাকসিন নেয়নি।
ডিএসএইচএস এক বিবৃতিতে জানিয়েছে, "এই রোগ অত্যন্ত সংক্রামক হওয়ায় সংক্রমণের ক্ষেত্র ও পার্শ্ববর্তী এলাকায় আরও আক্রান্ত শনাক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলোর সঙ্গে যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছি।"
মার্কিন সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ২৪টি রাজ্যে ৭১২টি হাম আক্রান্তের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ইন্ডিয়ানা, কানসাস, নিউ মেক্সিকো, ওহায়ো ও টেক্সাসে তিনটির বেশি সংযুক্ত সংক্রমণ থাকায় সেখানে আউটব্রেক ঘোষণা করা হয়েছে।
সিডিসির তথ্যমতে, আক্রান্তদের ৯৭% ব্যক্তি ভ্যাকসিনহীন বা তাদের ভ্যাকসিন-সংক্রান্ত তথ্য অজানা। মাত্র ১% এক ডোজ নিয়েছে, আর ২% নিয়েছে প্রয়োজনীয় দুই ডোজ। আক্রান্তদের মধ্যে ১১% রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, যাদের বেশিরভাগের বয়স ১৯ বছরের নিচে।
ভ্যাকসিনই একমাত্র প্রতিরক্ষা: সিডিসি বলছে, হাম প্রতিরোধে প্রথম ডোজ ভ্যাকসিন ৯৩% কার্যকর, আর দুই ডোজে কার্যকারিতা ৯৭% পর্যন্ত। ভ্যাকসিন প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের সাধারণত বুস্টার নেওয়ার প্রয়োজন নেই।
২০০০ সালে যুক্তরাষ্ট্রে হাম নির্মূল বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু গত কয়েক বছরে টিকা গ্রহণের হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায়, পুনরায় সংক্রমণ বেড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, হাম এক ভয়াবহভাবে সংক্রামক রোগ এবং এর প্রতিরোধে একমাত্র কার্যকর উপায় হলো সম্পূর্ণ ভ্যাকসিন গ্রহণ। বিশেষ করে শিশুদের নির্ধারিত বয়সে দুটি ডোজ গ্রহণ নিশ্চিত করাই হতে পারে এ বিপর্যয় মোকাবেলার প্রধান কৌশল।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন