https://www.prothomalony.com/

13006

north-america

উত্তর আমেরিকা

টেক্সাসে ফ্রিসকো ট্র্যাক মিটে শিক্ষার্থী খুন, সহপাঠী হত্যার অভিযোগে গ্রেপ্তার

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫ ০০:৩১

টেক্সাসে ফ্রিসকো ইন্ডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্টের আইএসডির ডেভিড কাইকেনডাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ট্র্যাক ও ফিল্ড চ্যাম্পিয়নশিপে দুই শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের জেরে এক শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত হয়েছে। বুধবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফ্রিসকো পুলিশ জানায়, ‘দুই শিক্ষার্থীর মধ্যে বিবাদের একপর্যায়ে এক শিক্ষার্থী অপরজনকে ছুরিকাঘাত করে।

পুলিশ ও দমকল কর্মীরা আহত শিক্ষার্থীকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শিক্ষার্থীর নাম অস্টিন মেটকালফ (১৭), যিনি ফ্রিসকো মেমোরিয়াল হাই স্কুলের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ট্র্যাক ও ফুটবল দলের সদস্য ছিলেন।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম কারমেলো অ্যান্থনি (১৭), যিনি ফ্রিসকো সেন্টেনিয়াল হাই স্কুলের ছাত্র। তাকে প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এখনো তার জামিন নির্ধারণ করা হয়নি এবং তিনি কোনো আইনজীবী নিয়োগ করেছেন কিনা তা স্পষ্ট নয়।

ফ্রিসকো পুলিশ বিভাগ সমবেদনা জানায় এবং বিবৃতিতে ফ্রিসকো আইএসডি একে ‘অভূতপূর্ব পরিস্থিতি’ হিসেবে উল্লেখ করে বলে, ‘আমরা গভীর দুঃখের সাথে নিহত শিক্ষার্থীর পরিবার, বন্ধু, শিক্ষক ও সম্প্রদায়ের প্রতি সহানুভূতি জানাচ্ছি।’

স্কুল কর্তৃপক্ষ নিহত শিক্ষার্থী মেটকালফের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) তার স্কুলে বিশেষ স্মরণসভা করেছে এবং শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং সেবা দেয়।

টেক্সাস ইউনিভার্সিটি ইন্টারস্কলাস্টিক লীগ এই ঘটনায় শোক প্রকাশ করে বলেছে, ‘আমরা ফ্রিসকো স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি এবং এই কঠিন সময়ে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেব।’

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন