https://www.prothomalony.com/
12795
north-america
ওয়াল স্ট্রিটের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান মর্গান স্ট্যানলি চলতি মাসের শেষে প্রায় ২ হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা গ্রহণ করেছে। যা তাদের মোট কর্মশক্তির প্রায় ২-৩ শতাংশ। এ পদক্ষেপটি প্রতিষ্ঠানটির পরিচালনামূলক দক্ষতা বাড়ানোর জন্য নেওয়া হয়েছে এবং এতে আর্থিক উপদেষ্টা কর্মীরা অন্তর্ভুক্ত নন। নতুন সিইও টেড পিকের অধীনে এটি মর্গান স্ট্যানলির প্রথম বড় কর্মী ছাঁটাই এবং এটি পূর্বে পরিকল্পিত ছিল। যা বর্তমান বাজার পরিস্থিতির সাথে সম্পর্কিত নয়।
জানা গেছে, ২০২৪ সালের শেষে মর্গান স্ট্যানলির বিশ্বব্যাপী কর্মী সংখ্যা ছিল ৮০ হাজারের বেশি। সম্প্রতি, অন্যান্য বড় ব্যাংকগুলোও তাদের কর্মশক্তি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। যা ওয়াল স্ট্রিটের চলমান কর্মী ছাঁটাই প্রবণতার অংশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে এই সংকট আরও তীব্র হয়েছে। ব্যাংকগুলো খরচ নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতির সাথে মানিয়ে চলার চেষ্টা করছে।
রয়টার্স সূত্রে জানা গেছে, গোল্ডম্যান স্যাক্স তাদের কর্মশক্তির ৩-৫ শতাংশ কমানোর পরিকল্পনা করছে। যা তাদের বার্ষিক পারফরম্যান্স মূল্যায়নের অংশ। অন্যদিকে, ব্যাংক অফ আমেরিকা তাদের বিনিয়োগ ব্যাংকিং শাখায় ১৫০ জন জুনিয়র ব্যাংকারের পদ বাতিল করেছে। এসব পদক্ষেপ ব্যাংকগুলোর খরচ নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মোকাবিলা করতে সহায়তা করবে।
মর্গান স্ট্যানলি-র কো-প্রেসিডেন্ট ড্যানিয়েল সিমকোভিটজ সম্প্রতি এক সম্মেলনে জানিয়েছেন, নতুন শেয়ার ইস্যু এবং মার্জার বা অধিগ্রহণ এখন কিছুটা থেমে গেছে এবং নীতিগত অনিশ্চয়তার কারণে এগুলোর কার্যক্রম আরও কঠিন হয়ে পড়েছে। তবে, তিনি নিশ্চিত করেছেন যে ব্যাংকটি তার বিনিয়োগ ব্যাংকিং শাখায় উচ্চ পদে কর্মী বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্বব্যাপী ব্যাংকিং খাতের মধ্যে এই ছাঁটাই প্রবণতা বৃদ্ধি পাওয়ায়, অর্থনৈতিক সংকট এবং অনিশ্চয়তার প্রভাব আরও স্পষ্ট হচ্ছে। তবে মর্গান স্ট্যানলি দাবি করেছে, তাদের ছাঁটাই সিদ্ধান্ত কোনো বাইরের বাজার সংকটের ফল নয়, বরং তাদের অভ্যন্তরীণ কার্যক্রমের উন্নতির জন্য নেওয়া হয়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন