https://www.prothomalony.com/
12712
new-york
প্রকাশ: ১২ মার্চ ২০২৫ ০১:০৮
বছরের প্রথম দুই মাসেই নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) শহরের বিভিন্ন এলাকা থেকে এক হাজারেরও বেশি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এর ফলে শহরে বন্দুক হামলার ঘটনা ১৪ দশমিক ৫ শতাংশ কমেছে বলে জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস।
সোমবার (১০ মার্চ) কমিউনিটি অপ-এডে তিনি বলেন, আমরা আমাদের প্রশাসনের সময়ে উদ্ধার করা মোট অবৈধ অস্ত্রের সংখ্যা ২০ হাজার ৭শ’তে নিয়ে গেছি। এসব অস্ত্র অপসারণ করা ও হত্যাকাণ্ড কমানো আমাদের শিশু, সম্প্রদায় এবং ভবিষ্যৎ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জানা গেছে, শহরের সাবওয়ে প্ল্যাটফর্ম ও ট্রেনগুলোতে পুলিশি তৎপরতা বাড়ানোয় বছরের শুরু থেকে ট্রানজিট অপরাধ ২৭ দশমিক ৯ শতাংশ কমেছে। পাশাপাশি, পাবলিক হাউজিং এলাকাগুলোতেও অপরাধের হার ১২ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে।
মেয়র অ্যাডামস জানান, জোন-ভিত্তিক পুলিশিং ব্যবস্থা চালুর ফলে অপরাধপ্রবণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে, ২০২২ সালে চালু হওয়া সাবওয়ে নিরাপত্তা পরিকল্পনার সম্প্রসারণ অপরাধ দমনে বড় ভূমিকা রেখেছে।
শুধু পুলিশি তৎপরতা নয়, সমাজের তরুণদের বন্দুক সহিংসতা থেকে দূরে রাখতে খেলাধুলা ও কমিউনিটি সেন্টারে বিনিয়োগ করা হচ্ছে বলে জানান মেয়র। তিনি বলেন, শিশু-কিশোরদের নিরাপদ পরিবেশে রাখার জন্য আরও খেলার মাঠ ও কমিউনিটি সেন্টার চালু করা হবে। পাশাপাশি, স্কুল, রাস্তাঘাট এবং সাবওয়ের নিরাপত্তায় বিনিয়োগ অব্যাহত থাকবে।
শহরে অপরাধ কমানোর এই প্রবণতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অ্যাডামস। পরপর তিন মাস ধরে শহরের সামগ্রিক অপরাধের হার উল্লেখযোগ্য হারে হ্রাস পাচ্ছে। সাতটি প্রধান অপরাধ বিভাগের মধ্যে ছয়টিতে কমতির ধারা দেখা গেছে।
তিনি বলেন, আমরা উচ্চ-অপরাধপ্রবণ এলাকাগুলোতে এনওয়াইপিডির টহল অব্যাহত রাখব। তবে আমাদের মূল লক্ষ্য অপরিবর্তিত—নিউইয়র্কবাসীদের নিরাপদ রাখা এবং অবৈধ আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া।
মেয়র অ্যাডামসের মতে, নেবারহুড সেফটি টিম, পাবলিক সেফটি টিম এবং কমিউনিটি রেসপন্স টিমের সক্রিয় ভূমিকার কারণে অপরাধের সংখ্যা কমছে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন