https://www.prothomalony.com/
12650
north-america
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫ ০২:১৫
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে ইলন মাস্কের নেতৃত্বে নতুনভাবে গঠিত 'ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি' কর্তৃক ব্যাপক হারে ছাঁটাই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত অনেক কর্মীই নিজেদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শনিবার মেরিল্যান্ডে এক চাকরি মেলায় উপস্থিত ছিলেন বর্তমান এবং সম্প্রতি বরখাস্ত হওয়া ফেডারেল কর্মীরা। তারা নতুন কর্মসংস্থানের সন্ধানে এসেছিলেন।
ড্যানিয়েল লেকি, যিনি আগে জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশনের ঐতিহাসিক সংরক্ষণ বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন, ফেব্রুয়ারিতে তার চাকরি হারিয়েছেন। মাত্র এক দিন পরই তিনি তার প্রবেশন পিরিয়ড সম্পন্ন করতে পারতেন, কিন্তু তার আগেই চাকরি হারিয়ে তিনি ও তার পরিবার চরম দুশ্চিন্তায় পড়েছেন। তিনি তার স্ত্রী ও ছয় মাস বয়সী শিশুকে সঙ্গে নিয়ে চাকরি মেলায় অংশ নেন।
'আমরা এখন ভীষণ আতঙ্কিত এবং মরিয়া হয়ে নতুন কাজ খুঁজছি, যেন মাথার ওপর ছাদ থাকে ও আমাদের ছোট্ট সন্তানকে খাওয়াতে পারি,' তিনি এবিসি নিউজকে বলেন।
লেকি ও তার স্ত্রী জেনিফার হোপকিন্স সম্প্রতি নতুন বাড়ি কিনেছেন এবং প্রথম কিস্তির অর্থ পরিশোধ করেছেন। পাশাপাশি তিনি পাবলিক সার্ভিস লোন ফরগিভনেস প্রোগ্রামের শর্ত প্রায় পূরণ করে ফেলেছিলেন, যা তাকে ৮০,০০০ ডলারের ঋণ মওকুফের সুযোগ করে দিত। তিনি বলেন 'আমরা আর্থিক পরিকল্পনা করেছিলাম চাকরি, ঋণ মওকুফ ও ভবিষ্যৎ কর্মজীবনের ওপর ভিত্তি করে। কিন্তু এখন সব কিছু অনিশ্চিত হয়ে পড়েছে।'
উইলিয়াম ডিক্সন, যিনি ফেডারেল সরকারে ২৩ বছর কাজ করেছেন, এবিসি নিউজকে বলেন যে এই ছাঁটাই প্রবীণ কর্মীদের জন্য একটি প্রচণ্ড আঘাত। 'আমরা এত ত্যাগ স্বীকার করেছি, অথচ এখন আমাদের যেন কোনো মূল্যই নেই, আমাদের অস্তিত্বই গণনা করা হচ্ছে না,' তিনি বলেন।
ডিক্সন যুক্তরাষ্ট্রের আর্মি কর্পস অব ইঞ্জিনিয়ার্সের লজিস্টিক্স বিভাগে কাজ করেন, তবে তিনি ও তার স্ত্রী—যিনি পেন্টাগনে কর্মরত—যেকোনো দিন চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন। কারণ প্রতিরক্ষা বিভাগ ব্যাপক ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে।
ডিক্সন জানান, তিনি ও তার স্ত্রী দুজনেই অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্ট থেকে একটি ইমেইল পেয়েছেন, যেখানে তাদের গত সপ্তাহে সম্পন্ন করা কাজের তালিকা জমা দিতে বলা হয়েছে। তবে তাদের সুপারভাইজারদের পরামর্শ অনুযায়ী তারা এখনো এর জবাব দেননি।
তবে, ডিক্সন মাস্ক ও ট্রাম্পের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। বার্তায় বলা হয়, 'থামুন। আপনারা পরিবারগুলোর ক্ষতি করছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন। প্রত্যেকে তাদের পরিবারের যত্ন নেওয়ার জন্য, অবসরকালীন নিরাপত্তার জন্য, এবং তাদের ছোটদের দেখাশোনার জন্য বেতনের ওপর নির্ভর করে। আপনারা—পুরো জাতি ও তাদের পরিবারগুলোর ক্ষতি করছেন। বর্তমানে এটাই আপনারা করছেন।'
বিশ্লেষকরা বলছেন, এই ব্যাপক ছাঁটাইয়ের ফলে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও মেরিল্যান্ডে ফেডারেল কর্মীদের সংখ্যা বেশি হওয়ায় এই অঞ্চলের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।এই ছাঁটাইয়ের রাজনৈতিক প্রভাবও পড়তে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন ভার্জিনিয়া গভর্নর নির্বাচনে এই ইস্যুটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
ফেডারেল কর্মীদের ছাঁটাই এখন একটি বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। অনেকেই এখন ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে চরম অনিশ্চয়তার মুখোমুখি,আর অর্থনৈতিক নিরাপত্তার অভাবে হাজারো পরিবার গভীর দুশ্চিন্তায় পড়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন