https://www.prothomalony.com/
12616
north-america
টেক্সাসে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪৬-এ পৌঁছেছে। যা গত ৩০ বছরে অঙ্গরাজ্যটিতে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য কর্মকর্তারা জানান, এই সপ্তাহে এক স্কুলগামী শিশুর মৃত্যু হয়েছে, যা ২০১৫ সালের পর যুক্তরাষ্ট্রে হামজনিত প্রথম প্রাণহানি।
সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, মঙ্গলবার থেকে নতুন করে ২২ জন আক্রান্ত হয়েছে। টেক্সাস ডিপার্টমেন্ট অফ স্টেট হেলথ সার্ভিসেস জানায়, ওয়েস্ট টেক্সাসের নয়টি কাউন্টিতে সংক্রমণ ছড়িয়ে পড়েছে, যার মধ্যে গেইনস কাউন্টিতেই আক্রান্ত প্রায় ১০০ জন। এখন পর্যন্ত ২০ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটিকে লাবকের কোভেন্যান্ট চিলড্রেনস হসপিটালে চিকিৎসা দেওয়া হয়, তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সে লাবক কাউন্টির বাসিন্দা ছিল না।
স্টেট হেলথ ডিপার্টমেন্টের মুখপাত্র লারা অ্যান্তন জানান, হাম মূলত ওয়েস্ট টেক্সাসের গ্রামীণ এলাকায় ছড়িয়ে পড়েছে, যেখানে আক্রান্তদের বেশিরভাগই কম টিকা গ্রহণকারী মেনোনাইট সম্প্রদায়ের সদস্য।
গেইনস কাউন্টিতে অনেক শিশু হোমস্কুলিং বা প্রাইভেট স্কুলে পড়ে, যেখানে টিকা গ্রহণের হার তুলনামূলকভাবে কম। গত বছর, প্রায় ১৪ শতাংশ শিশুকে অন্তত একটি বাধ্যতামূলক টিকা দেওয়া হয়নি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কোভিড-১৯ মহামারির পর থেকে যুক্তরাষ্ট্রে টিকাদানের হার কমেছে। বর্তমানে বেশিরভাগ অঙ্গরাজ্যে কিন্ডারগার্টেন শিশুদের মধ্যে টিকার হার ৯৫ শতাংশের নিচে নেমে গেছে, যা হাম প্রতিরোধের জন্য প্রয়োজনীয়।
২০০০ সালে যুক্তরাষ্ট্র হাম নির্মূল ঘোষণা করেছিল, কারণ রোগটি টানা এক বছরের বেশি সময় ধরে সংক্রমণ ছড়ায়নি। তবে ২০২৪ সালে সংক্রমণ বেড়েছে। শিকাগোতে ৬০ জনের বেশি আক্রান্ত হয়েছিল, আর পূর্ব নিউ মেক্সিকোতে ৯টি হাম সংক্রমণের খবর পাওয়া গেছে, যদিও স্বাস্থ্য বিভাগ বলছে, এটি টেক্সাসের প্রাদুর্ভাবের সঙ্গে সম্পর্কিত নয়।
বিশেষজ্ঞরা বলছেন, হাম, মাম্পস ও রুবেলার (এমএমআর) টিকা অত্যন্ত কার্যকর এবং এটি সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথম ডোজ ১২-১৫ মাস বয়সে এবং দ্বিতীয় ডোজ ৪-৬ বছর বয়সে দেওয়া হয়।
১৯৬৩ সালে টিকা চালু হওয়ার আগে যুক্তরাষ্ট্রে প্রতিবছর ৩০-৪০ লাখ মানুষ হাম আক্রান্ত হতো। বর্তমানে সাধারণত বছরে ২০০-এর কম সংক্রমণ ঘটে। তবে টিকা সম্পর্কে ভুল তথ্য ও গুজব টিকাদান হার কমিয়ে দিচ্ছে, যা নতুন করে সংক্রমণের ঝুঁকি বাড়িয়েছে।
টেক্সাসের স্বাস্থ্যকর্মীরা নিয়মিত টিকা প্রদান ক্লিনিক ও স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করছেন। তারা স্কুলগুলোর সঙ্গে কাজ করে টিকার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করছেন। নিউ মেক্সিকো স্বাস্থ্য কর্মকর্তারাও আগামী সপ্তাহে হবস শহরে কয়েকটি টিকা প্রদান ক্লিনিকের আয়োজন করবেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি প্রতিরোধযোগ্য রোগ, তাই অভিভাবকদের উচিত শিশুদের টিকা নিশ্চিত করা, যাতে ভবিষ্যতে এমন প্রাণঘাতী প্রাদুর্ভাব এড়ানো যায়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন