https://www.prothomalony.com/
12468
north-america
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ১২:১৩
মার্কিন সেনাবাহিনী সৈন্যদের খাদ্য ভাতা থেকে সংগৃহীত কোটি কোটি ডলার অন্য খাতে ব্যয় করছে। যা সেনাবাহিনীর জন্য একটি বড় বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনী ব্যারাকে বসবাসকারী সৈন্যদের খাদ্য ভাতার অর্থ খাবার সরবরাহের জন্য ব্যবহার না করে অন্য কাজে ব্যয় করছে।
তদন্ত অনুযায়ী, গত বছর ১১টি প্রধান ঘাঁটি থেকে সৈন্যদের খাদ্য ভাতা থেকে সংগৃহীত ২২৫ মিলিয়ন ডলারের মধ্যে ১৫১ মিলিয়ন ডলার অন্য কাজে ব্যবহার করা হয়েছে। এই অর্থ সাধারণত সৈন্যদের খাদ্য ব্যয়ের জন্য বরাদ্দ থাকলেও তা এখনো সঠিকভাবে ব্যাখ্যা করা হয়নি কোথায় খরচ করা হচ্ছে।
সেনাবাহিনীর ওয়েবসাইট অনুযায়ী, একজন সৈন্য প্রতি মাসে ৪৬৫ ডলার খাদ্য ভাতা পান, তবে কর এবং অন্যান্য খরচের কারণে এই অর্থ কিছুটা কমে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, এই অর্থ সেনা তহবিল হিসেবে ফেরত যায় এবং অন্য কাজে ব্যবহার করা হয়।
এই বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন হাওয়াইয়ের প্রতিনিধি জিল টোকুদা। তিনি বলেন, সৈন্যদের খাদ্যের জন্য বরাদ্দ অর্থ চুরি হওয়া সামরিক প্রস্তুতিতে বড় ধরনের ক্ষতি সৃষ্টি করতে পারে।
এদিকে সেনাবাহিনীর কর্তৃপক্ষ জানিয়েছে, খাদ্য পরিষেবার জন্য আলাদা তহবিল বরাদ্দ থাকে। যা খাদ্য পরিষেবা কর্মীদের বেতন ও ডাইনিং হলের পরিকাঠামোতে ব্যবহৃত হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে সেনাবাহিনী সৈন্যদের জন্য পর্যাপ্ত খাবার সরবরাহে ব্যর্থ হয়েছে। বিশেষত টেক্সাসের ফোর্ট কাভাজোস এবং কলোরাডোর ফোর্ট কারসনের মতো বড় ঘাঁটিতে।
মুখপাত্র মেজর আন্দ্রেয়া কেলি জানিয়েছেন, ডাইনিং হলের খাবারের সংখ্যা সৈন্যদের উপস্থিতির ভিত্তিতে নির্ধারিত হয়। তবে অতীতে সৈন্যরা অরুচিকর খাবারের কারণে ডাইনিং হলের খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন