https://www.prothomalony.com/
12158
new-york
প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৫ ০২:৫৭
সিটি মেয়র এরিক অ্যাডামস্ নিউইয়র্কবাসীর সঙ্গে শহরের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন। এ সময় নিউইয়র্ক সিটিকে পরিবার গড়ার জন্য সেরা জায়গা করার পরিকল্পনার কথা জানান তিনি।
সোমবার (১৩ জানুয়ারি) কমিউনিটি অপ:এড-এ এরিক অ্যাডামস্ উল্লেখ করেন, তিন বছর আগে, যখন তিনি দায়িত্ব নেন, তখন কোভিড, অপরাধ ও বিশৃঙ্খলা শহরটিকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছিল এবং অনেক পরিবার শহর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। তবে তিনি প্রতিশ্রুতি দেন, শহরটি শুধু আগের অবস্থায় ফিরে যাবে না, বরং আগের চেয়ে উন্নত হবে।
অ্যাডামস্ মেয়রের দায়িত্ব নেয়ার পর থেকে শহরের রাস্তায় হাজার হাজার নতুন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে এবং ২০ হাজার অবৈধ অস্ত্র জব্দ করা হয়েছে। এ ছাড়া বন্দুক সহিংসতা প্রতিরোধে ৪৮৫ মিলিয়ন ডলারের অ্যাকশন প্ল্যান চালু করা হয়েছে, যার ফলে হত্যাকাণ্ড এবং বন্দুক সহিংসতার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। অর্থনৈতিক উন্নয়ন ও ট্যাক্স ছাড়ে পরিবর্তন ঘটেছে। নাগরিকদের জন্য গত তিন বছরে ৩০ বিলিয়ন ডলার ফেরত দেওয়া হয়েছে এবং ট্যাক্স ছাড়ে শত শত মিলিয়ন ডলার প্রদান করা হয়েছে।
নতুন রেকর্ড সৃষ্টি করে, শহরে সর্বাধিক চাকরি এবং ছোট ব্যবসা চালু হয়েছে। শহরের ১ লাখ ৫০ হাজার যুবসমাজকে আর্লি চাইল্ডহুড এডুকেশনের আওতায় আনা হয়েছে। সংখ্যালঘু-ও-মহিলাদের মালিকানাধীন ব্যবসায়িক উদ্যোগের জন্য ডেলিভারি অব্যাহত রাখা সহ চুক্তিতে $৬.৪ বিলিয়ন প্রদান করা হয়েছে। এছাড়াও দুই বছর ধরে সাশ্রয়ী মূল্যের আবাসনের ক্ষেত্রে রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্থাপন করা হয়েছে। পাশাপাশি, পাবলিক হাউজিংয়ের জন্য বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে এবং একটি যুগান্তকারী জোনিং প্রস্তাব পাস করা হয়েছে।
অ্যাডামস্ বলেন, 'শহরটিকে আরও নিরাপদ করতে, আমরা আমাদের সাবওয়েতে শত শত নতুন অফিসার যুক্ত করছি এবং স্মার্ট, আপস্ট্রিম বিনিয়োগ করছি যা প্রথমে অপরাধ প্রতিরোধ করে। এই বছর আমরা $১৬৩ মিলিয়ন ব্যয়ে পাঁচটি সফল কর্মসূচির সম্প্রসারণ শুরু করব, যা তরুণদের চাকরি, কলেজ এবং পরামর্শের সাথে সংযুক্ত করতে সহায়তা করে। আমাদের বিশ্বাস, যদি আমরা শিক্ষায় বিনিয়োগ না করি, তবে কারাগারে বিনিয়োগ করতে হবে। তাই এই কর্মসূচিগুলোর পরিসর বাড়িয়ে ৮ হাজার তরুণ নিউইয়র্কারের কাছে পৌঁছানো হবে। আমাদের দায়িত্ব নেওয়ার সময় আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, আমাদের রাস্তাঘাট এবং সাবওয়েতে মানুষকে অবহেলায় পড়ে থাকতে দেওয়ার দিন শেষ। আমরা ইতোমধ্যে ৮ হাজার মানুষকে সাবওয়ে থেকে নিরাপদ আশ্রয়ে নিয়ে এসেছি এবং যারা নিজের যত্ন নিতে পারে না, তাদের সহায়তা করার দায়িত্ব নিয়েছি। তবে আমাদের আরও দূর যেতে হবে।'
তিনি আরও বলেন, 'গত সপ্তাহে আমি এই কাজে আরও গতি আনতে এবং নিউইয়র্ক সিটির রাস্তায় গৃহহীনতা মোকাবিলার জন্য $৬৫০ মিলিয়ন বিনিয়োগ করা হবে বলে ঘোষণা করেছি। এর আওতায় রাস্তায় বসবাসরত মানুষের জন্য অতিরিক্ত সহায়তা ও বিশেষায়িত সেবা প্রদানে ৯০০ নতুন 'সেফ হ্যাভেন বেড' যোগ করা হবে; গুরুতর মানসিক অসুস্থতায় ভুগছেন এমন গৃহহীনদের যত্ন নেওয়ার জন্য একটি নতুন কেন্দ্র চালু করা হবে; এবং আশ্রয়ের জন্য আবেদন করা ভবিষ্যৎ অভিভাবকদের স্থায়ী আবাসন নিশ্চিত করতে একটি নতুন প্রোগ্রাম চালু করা হবে। কারণ, আমাদের শহরের আশ্রয় ব্যবস্থায় আর কোনো শিশুর জন্ম হওয়া উচিত নয়।'
মেয়র উল্লেখ করেন, নিউইয়র্কবাসী উচ্চ ব্যয়ের কারণে উদ্বিগ্ন। তাই পরিবারগুলোর আর্থিক সংকট কাটাতে একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। 'City of Yes for Families' প্রকল্পের মাধ্যমে পারিবারিক আকারের বাড়ি এবং মাল্টি-জেনারেশনাল পরিবারের জন্য বাড়ি নির্মাণ করা হবে।
অ্যাডামস্ বলেন, 'আমরা পরিবার-বান্ধব পাড়া গড়ে তুলতে সিটি এজেন্সি ও কাউন্সিলের সঙ্গে কাজ করব। এখানে বড় পরিবারের জন্য বাড়ি এবং বহু প্রজন্মের সদস্যদের একসঙ্গে থাকার ব্যবস্থা থাকবে। পাশাপাশি, স্কুল, লাইব্রেরি, মুদি দোকান এবং খেলার মাঠের কাছাকাছি আরও বাড়ি তৈরি হবে। পরিবারগুলোর অর্থনৈতিক সচ্ছলতা বাড়াতে আমরা একটি সাহসী প্রস্তাব এনেছি, যা ১৫০ শতাংশ বা তার কম আয়ের কাজ করা পরিবারগুলোর সিটি ইনকাম ট্যাক্স মওকুফ করবে। আমাদের 'Axe the Tax" প্রস্তাবের মাধ্যমে ৫ লাখ ৮২ হাজার নিউ ইয়র্কার এবং তাদের পরিবারের উপর থেকে মোট $৬৩ মিলিয়নের ট্যাক্স বোঝা কমানো হবে, যা ভাড়া, মুদি সামগ্রী কেনা এবং শিশুদের দেখভালের খরচ মেটাতে সাহায্য করবে।'
এছাড়াও আর্থিক স্বাধীনতার ভিত্তি গড়ে তুলতে ২০৩০ সালের মধ্যে প্রতিটি শিক্ষার্থীকে সঞ্চয় ও অর্থ ব্যবহারের কৌশল শেখানোর লক্ষ্যে কাজ করছে প্রশাসনটি। প্রতিটি স্কুল ডিস্ট্রিক্টে একজন অর্থনৈতিক প্রশিক্ষক নিয়োগ করা হবে, যিনি ওয়ার্কশপ, পরামর্শ এবং শিক্ষা কর্মসূচি পরিচালনা করবেন। এছাড়া শিক্ষার্থীদের হাতে-কলমে অভিজ্ঞতা দিতে শহরের স্কুলগুলোতে নতুন ব্যাংক শাখা খোলা হবে বলে জানান অ্যাডামস্।
অ্যাডামস্ বলেন, 'সেন্ট্রাল পার্ক থেকে ফ্লাশিং মেডোজ পর্যন্ত আমাদের পার্কগুলো হলো পরিবারের মিলনস্থল। তাই এ বছর আমরা আরও বেশি খেলার মাঠ রাত, সপ্তাহান্তে এবং গ্রীষ্মকালে খোলা রাখব, যাতে ২০ হাজার নিউইয়র্কবাসী ১০ মিনিট হাঁটার মধ্যে পার্কে পৌঁছাতে পারে। নিউইয়র্ক শহর যেকোনো চ্যালেঞ্জের মুখোমুখি হোক না কেন, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি—আপনার পরিবারের জন্য আমাদের প্রশাসনের মতো লড়াই আর কেউ করবে না।
এই বিনিয়োগের মাধ্যমে, জনপরিসর, জননিরাপত্তা, আবাসন এবং আর্থিক স্বাধীনতা নিশ্চিত করে, আমরা বিশ্বের সেরা শহরটিকে পরিবারের জন্য বসবাসের সেরা জায়গায় পরিণত করব।'
নিউইয়র্ক থেকে আরো পড়ুন