https://www.prothomalony.com/

11362

north-america

উত্তর আমেরিকা

ভোট দিতে এরিক অ‍্যাডামস্ এর আহ্বান

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪ ০২:১৯

যুক্তরাষ্ট্রের নির্বাচন ৫ নভেম্বর, মঙ্গলবার। এদিন ভোট গ্রহণ চলবে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। যদি কেউ ৫ তারিখ ভোট দিতে না পারেন, তবে আগে ভোট দেওয়ার সুযোগ রয়েছে!  নিউ ইয়র্ক সিটির ১৫৫টি কেন্দ্রে আগাম ভোটদান ইতোমধ্যেই শুরু হয়েছে এবং ৩ নভেম্বর, রবিবার পর্যন্ত ভোটকেন্দ্র খোলা থাকবে। 

অ‍্যাডামস্ বলেছেন, "এছাড়াও, আপনার ব্যালটের পেছনে ছয়টি প্রস্তাব রয়েছে, সেগুলোতে ভোট দিতে ভুলবেন না। আপনার ভোটকেন্দ্র ভিন্ন হতে পারে, তাই ভোট দেওয়ার আগে nycvotes.org-এ আপনার অবস্থান এবং সময়সূচি পরীক্ষা করে নেয়া জরুরি।"

সোমবার ২৮ অক্টোবর কমিউনিটি অপ:এড-এ অ‍্যাডামস্ বলেন, "২০২৪-এর যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রত্যেকটি আসনের ভোট অত‍্যন্ত গুরুত্বপূর্ণ—কেননা প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে কংগ্রেস এবং স্টেটের প্রতিনিধিদের নির্বাচনের ফলাফল আমাদের পরিবার, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং আরও অনেক ক্ষেত্রে প্রভাব ফেলবে।" 

তিনি আরো বলেন, "গণতন্ত্রের মূল ভিত্তি ভোটাধিকার—এটি আমাদের শহর, স্টেট এবং জাতিকে কী রূপ দেবে তা নির্ধারণ করে। আমি ইতোমধ্যে আমার ভোট দেওয়ার পরিকল্পনা করেছি—আপনাদেরও ভোট দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল নিজের জন্য নয়; আপনার বন্ধু-বান্ধব এবং পরিবারকে ভোটকেন্দ্রে নিয়ে আসুন। ১৮ বছর বা তার বেশি বয়সী নিবন্ধিত সমস্ত মার্কিন নাগরিক ভোট দেওয়ার যোগ্য। আমাদের শহরকে অগ্রাধিকার দিতে ভোট দিতে আসুন।"

 

ভোটের স্থান এবং প্রক্রিয়া, ব্যালটে থাকা প্রার্থী এবং নানা ইস্যু সম্পর্কে জানতে nycvotes.org সাইটটি দেখে নিতে পারেন। সমস্ত নিউ ইয়র্কবাসীর তাদের নিজস্ব ভাষায় ভোট দেওয়ার অধিকার ও সুযোগ রয়েছে। সিভিক এনগেজমেন্ট কমিশন নির্বাচনী কেন্দ্রে নির্দিষ্ট ভাষায় অনুবাদ সেবা প্রদান করবে শনিবার, ২ নভেম্বর, রবিবার, ৩ নভেম্বর, এবং নির্বাচনের দিন মঙ্গলবার, ৫ নভেম্বর। অনুবাদ সেবার বিস্তারিত জানার জন্য participate.nyc.gov সাইটটি দেখতে পারেন। ভোটের সময় কোনো সমস্যা হলে, ৩১১-এ কল করবেন। 

তিনি বলেন, "আমাদের প্রশাসন নির্বাচন প্রক্রিয়াকে সুরক্ষিত এবং নিরাপদ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নির্বাচনী প্রক্রিয়ার সততা রক্ষা করতে, শহরের বিভিন্ন নির্বাচনী কেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাড়ানো হবে। এর মধ্যে নিউইয়র্ক সিটির ১,২১১টি নির্বাচনী কেন্দ্রে ইউনিফর্ম পরিহিত NYPD সদস্যদের উপস্থিতি অন্তর্ভুক্ত থাকবে। শহর শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সম্মান করবে, তবে আইন লঙ্ঘন, যান চলাচলে বিঘ্ন বা ভোটারকে ভয়ভীতি প্রদর্শন সহ্য করা হবে না।"

অ‍্যাডামস্ মনে করেন, আমেরিকার গণতন্ত্র নির্ভর করে বিভিন্ন মতামতের মানুষকে একত্রিত করে সমাধান খোঁজার উপর। তাই তিনি সমস্ত নিউ ইয়র্ক সিটি, নাগরিকদের মতামত প্রকাশ করে ভোট দিতে আহ্বান জানিয়েছেন। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন